গোলাম আযম যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন: টুকু
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক আমির গোলাম আযম যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। সেটা হতে পারে বিজয় দিবসের আগে অথবা পরে। গ্রেপ্তার করার বিষয়টি তদন্ত দলের ওপর। তারা চাইলেই গোলাম আজমসহ অন্য যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হবে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের বাহুবল মডেল থানা কমপ্লেক্স উদ্বোধন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।শামসুল হক বলেন, হবিগঞ্জের মাধবপুরের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ-সংক্রান্ত অভিযোগ তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। প্রমাণিত হলে তাঁকেও গ্রেপ্তার করা হবে।শামসুল হক আরও বলেন, ‘আপনারা যুদ্ধাপরাধীদের বিচার চান, আমিও চাই। তবে সে জন্য অপেক্ষা করতে হবে। বিচারকাজ একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ’৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ শুরু করেছিল। মাঝখানে বিএনপি ক্ষমতায় আসার পর সে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায়। পরে গত ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি এ দেশকে জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল। তাদের ছত্রছায়ায় জঙ্গিরা এক দিনে সাড়ে ৫০০ স্থানে বোমা হামলা চালিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূল করেছি। এ তিন বছরে কোথাও বোমাবাজি হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্য আয়ের দেশে পরিণত করতে চাই। আমরা চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।’হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহির, ডিএফআইডিয়ের বাংলাদেশ প্রধান ডেনিয়েল ডেভিস, এসএমপি কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া, সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন ভূঁইয়া, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী, হবিগঞ্জ চেম্বার্স অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।