গোলাম আযমই নয়, সব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে
মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেছেন, শুধু গোলাম আযমই নন, যাঁর বিরুদ্ধেই যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।শেরপুর ও ময়মনসিংহ ঘুরে এসে আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিয়াদ আল মালুম এ কথা বলেন। চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এ সময় উপস্থিত ছিলেন।জিয়াদ আল মালুম বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, আবুল কালাম আজাদ, আবদুস সোবহান, মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা আবদুল হান্নান, জয়পুরহাটের আবদুল আলিমসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সংস্থার জোরালো তদন্ত চলছে দেশ ও দেশের বাইরে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াদ আল মালুম বলেন, উল্লিখিত নেতাদের মধ্যে কারাগারে আটক রয়েছেন পাঁচজন এবং বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না, তেমনটি নয়। তিনি আরও বলেন, ১৯৭১ সালে শেরপুরে লেখিকা মিনা ফারহার বাড়ি দখল করে ক্যাম্প তৈরি করা হয়েছিল। ওই বাড়িতেই এলাকার সুন্দরী যুবতীদের ধরে এনে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হতো। আর এসব কাজে সহযোগিতা করত কামারুজ্জামান। এ ছাড়া ময়মনসিংহের আহমেদনগরকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় লুণ্ঠন ও হত্যা করা হতো।শেরপুর, ময়মনসিংহ ও ব্রহ্মপুত্র নদের তীরে অসংখ্য গণকবরের সন্ধান পাওয়া গেছে। নাগরিক কমিটির সেক্টর কমান্ডার ফোরাম ওই স্থানগুলো শনাক্ত করেছে। এসব এলাকায় আল বদর ও আল শামস বাহিনী লোকজনকে ধরে এনে নির্যাতন চালাত এবং হত্যা করত। ময়মনসিংহ শহরে বর্তমান ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে ৭১ সালে একটি গণকূপ ছিল। মানুষকে মেরে সেখানে পুঁতে রাখা হতো।—বাসস