গোলাম আযমকে অবশ্যই গ্রেপ্তার করা হবে: তদন্ত সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে আইন মোতাবেক অবশ্যই গ্রেপ্তার করা হবে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কর্মকর্তা আবদুল হান্নান খান আজ শনিবার দুপুরে এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের প্রতিনিধিদল আজ সকালে রাজধানীর বেইলি রোডে মিনিস্ট্রিয়াল এপার্টমেন্টে তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের সঙ্গে মতবিনিময় করতে যায়। মতবিনিময় শেষে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল হান্নান খান এ কথা বলেন। আবদুল হান্নান খান বলেন, ‘এ ব্যাপারে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের অগ্রগতিও আছে। এ নিয়ে কোনো গাফিলতি নেই।’ তিনি বলেন, ‘জনবল সংকট রয়েছে। আইটি, লাইব্রেরি, সেভ হাউস—এগুলো পর্যাপ্ত নেই। প্রসিকিউশনসহ একটি আইটি ল্যাব প্রয়োজন। তবে এগুলোর বিষয়ে কিছু কিছু অগ্রগতি হচ্ছে।’ তদন্ত শাখার জন্য আলাদা জায়গা চাওয়া হয়েছে বলে তিনি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে রসদ প্রয়োজন, সেগুলো পেলে দ্রুত অগ্রগতি হবে। তা না হলে যেভাবে চলছে, সেভাবেই চলবে বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি বলেন, ‘এ অবস্থা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী বিচারের জন্য বিদ্যমান আইনটি মানসম্মত। জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এটি করা হয়েছে। এটি পরিবর্তনের প্রয়োজন নেই।’ সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গোলাম আযমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাঁকে বাদ দিয়ে অন্যদের বিচার হলে তা হবে হাস্যকর। একাত্তরের দৈনিক সংগ্রাম পত্রিকাই গোলাম আজমের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।’ শাহরিয়ার কবির তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সংখ্যা বাড়ানোর কথা বলে বলেন, ‘কম করে হলেও ৫০ জন আইনজীবী ও তদন্ত কর্মকর্তা দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি দেশের নিজস্ব আইনে প্রথমবারের মতো এ ধরনের বিচার বড় ধরনের চ্যালেঞ্জ। সরকার আন্তরিক, তবে এর গুরুত্ব বুঝতে পারছে না।’ শাহরিয়ার কবির লোকবল, অর্থবল, সমন্বয় ও রসদের অভাব রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের জন্য আলাদা জনসংযোগ বিভাগ প্রয়োজন। তিনি নিরাপত্তা ও নিরপেক্ষতার স্বার্থে পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত ট্রাইব্যুনাল থেকে অন্য অফিসগুলো সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। এ ছাড়া তিনি সাক্ষী সুরক্ষা আইনের ওপরও গুরুত্বারোপ করেন। আজ সকাল ১০টার দিকে শাহরিয়ার কবিরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ের তথ্য ও গবেষণা কক্ষে মতবিনিময় করেন। শাহরিয়ার কবির ‘যুদ্ধাপরাধীদের বিচার: বিভ্রান্তি ও চক্রান্ত’ শীর্ষক একটি ধারণাপত্র তুলে ধরেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি গোলাম রব্বানী, বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক তুরিন আফরোজ প্রমুখ।