গোলাম আযমকে আপাতত হাসপাতালে রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে এখনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে না ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ আজ রোববার দুপুর ১২টার দিকে প্রথম আলো অনলাইনকে এই তথ্য জানান। অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, গোলাম আযমকে এখনই হাসপাতাল থেকে না ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে বিএসএমএমইউ কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি দিয়েছিল, গোলাম আযমের হাসপাতালে ভর্তি থাকার কোনো দরকার নেই। তিনি বলেন, এখন এই সিদ্ধান্ত বদলানো হয়েছে। কারণ, নতুন করে তাঁর স্বাস্থ্য পরীক্ষায় পিত্তথলিতে পাথর পাওয়া গেছে। এ ব্যাপারে এখন বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে। এ ছাড়া নতুন করে গোলাম আযমের এমআরআই করা হবে। এর পরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া বা না ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ জানুয়ারি জামিনের আবেদন নাকচ করে গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারা কর্তৃপক্ষ ওই দিনই তাঁকে বিএসএমএমইউতে পাঠায়। বিএসএমএমইউকে লেখা চিঠিতে কারা কর্তৃপক্ষ বলেছিল, গোলাম আযমের উচ্চরক্তচাপ ও প্রস্রাবে কিছু সমস্যা আছে।ওই দিনই হূদেরাগ বিভাগে স্বাস্থ্য পরীক্ষার পর কার্ডিওলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজল কৃষ্ণ ব্যানার্জি বলেছিলেন, গোলাম আযমের হাসপাতালে থাকার দরকার নেই। তবে ওই দিন রাতে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহর অধীনে বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে তাঁকে ভর্তি করা হয়। গত শুক্রবার এ বি এম আবদুল্লাহকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে কর্তৃপক্ষ। সজল ব্যানার্জি ছাড়াও এই বোর্ডের অন্য সদস্য হলেন নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান।