গোলাম আযমকে ফের ধর্মীয় বই সরবরাহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে গোলাম আযমকে কোরআন, হাদিস ও প্রয়োজনীয় ইসলামিক বই ফের সরবরাহের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।এ আদেশ দুই দিনের মধ্যে বাস্তবায়ন করে তা ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।ইতিপূর্বের কারা কর্তৃপক্ষ আদেশ অমান্য করায় ট্রাইব্যুনাল আদেশে বলেন, এটা মনে হয়েছে যে কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের আদেশকে অসম্মান করেছেন। যা কাম্য নয়। তবে প্রথমবারের মতো এ ঘটনা ঘটায় ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে ১০ জুন সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। ২৪ জুন তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।গত ১৩ মে ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করেন। অভিযোগগুলো হলো— মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি, সহযোগিতা এবং হত্যা ও নির্যাতনের অভিযোগ।এ পাঁচটি অভিযোগে ৬০টি ঘটনা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ষড়যন্ত্রের ছয়টি, পরিকল্পনার তিনটি, উসকানিদানের ২৮টি, সহযোগিতার ২২টি এবং হত্যা ও নির্যাতনের একটি ঘটনা। তবে গোলাম আযম নিজেকে নির্দোষ দাবি করেছেন।গত ১১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে অসুস্থতার কারণে ওই দিনই তাঁকে রাত আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কারাকক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। গোলাম আযমকে কারাগারে পাঠানোর আগে গত ৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। ২০১১ সালের ৩১ অক্টোবর গোলাম আযমের বিরুদ্ধে তদন্তকাজ শেষ করেন তদন্তকারী কর্মকর্তারা। পরে তাঁরা প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মোট ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের পাশাপাশি ১০ হাজার পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত করা হয়। প্রতিবেদনে মুক্তিযুদ্ধকালীন নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীসহ মোট ১১৬ জন সাক্ষীর জবানবন্দিও রয়েছে।