গোলাম আযমকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আরজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ তাঁদের যুক্তি উপস্থাপনের শেষ দিনে এ আরজি জানায়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৭ মার্চ দিন ধার্য করেন।জেয়াদ-আল-মালুম গতকাল রাষ্ট্রপক্ষে দশম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, একাত্তরে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশের তৎকালীন নাম) জামায়াতের আমির হিসেবে গোলাম আযম পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সামরিক জান্তার সকল পর্যায়ে বৈঠক করেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা করেছেন। তিনি ঊর্ধ্বতন অবস্থানের বদৌলতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছেন এবং উসকানি দিয়েছেন। বিভিন্ন তথ্য-প্রমাণের মাধ্যমে অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে। এ জন্য রাষ্ট্রপক্ষ তাঁর সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছে।পরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেন, ‘গোলাম আযম শুধু একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড নন, প্রকৃতপক্ষে তাঁর নির্দেশে ও পরিকল্পনায় মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। এসব অপরাধের দায়ও তাঁর।’রাষ্ট্রপক্ষ গত ১৭ ফেব্রুয়ারি যুক্তি উপস্থাপন শুরু করেছিল।জেয়াদ-আল-মালুম পরে সাংবাদিকদের বলেন, ‘একাত্তরে শান্তি কমিটি গঠন ও একে থানা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা, রাজাকার বাহিনী গঠন, জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের বাছাই করা ক্যাডার দিয়ে আলবদর নামে কিলিং স্কোয়াড গঠনের মূল পরিকল্পনাকারী ছিলেন গোলাম আযম। আলবদর বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালিয়েছে। আলবদর বাহিনী যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছে, ঊর্ধ্বতন অবস্থানে থাকার কারণে তার দায় গোলাম আযমের।’গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, ‘বিচারে গোলাম আযম দোষী সাব্যস্ত হলে তাঁকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এ ক্ষেত্রে তাঁর বয়স ৯০ বছর বিবেচনা করা যাবে না। একাত্তরে তাঁর যা বয়স ছিল, তা বিবেচনা করতে হবে, কেননা এই আইনে বয়স বিবেচনার কোনো সুযোগ নেই। বিবেচনা করতে হবে একাত্তরে আসামির অবস্থান ও তাঁর কর্মকাণ্ডের গভীরতা। আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি।’রাষ্ট্রপক্ষ জানায়, গোলাম আযমের বিরুদ্ধে গঠিত পাঁচটি অভিযোগ প্রমাণের জন্য ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭তম সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেননি, তদন্ত কর্মকর্তাকে দেওয়া ওই সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ছাড়া একাত্তরের বিভিন্ন পত্রপত্রিকা, বই ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মিলিয়ে ৫৩০টি দালিলিক নথি দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। পক্ষান্তরে, আসামিপক্ষে সাক্ষ্য দিয়েছেন একজন, তিনি সাবেক সেনা কর্মকর্তা ও গোলাম আযমের ছেলে আবদুল্লাহহিল আমান আযমী।শারীরিক কারণে গোলাম আযমকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক আছেন।