মানবতাবিরোধী অপরাধের বিচার
গোলাম আযমসহ জামায়াতের পাঁচ নেতার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রায় শেষ। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে চলতি মাসের শেষ দিকে তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে।মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে গঠিত সংস্থার সূত্র এসব তথ্য জানিয়েছে। জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, গোলাম আযমকে বাদ দিয়ে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ বাকি চারজনের তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়। কারণ, মুক্তিযুদ্ধ চলাকালে এই পাঁচজনই ছিলেন রাজাকার ও শান্তিবাহিনী গঠনের মধ্য দিয়ে এ-সংক্রান্ত নীতিনির্ধারণের মূলে। এ জন্য তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও একসঙ্গে দেওয়ার পরিকল্পনা রয়েছে।ট্রাইব্যুনাল জামায়াতের আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আগামী ১ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের আদেশ দিয়েছেন।তদন্ত সংস্থার সূত্র জানায়, ট্রাইব্যুনালের দেওয়া এই সময়সীমার মধ্যেই তদন্তকাজ সম্পন্ন হবে। ট্রাইব্যুনালের নির্দেশনা না থাকলেও এই চারজনের সঙ্গে গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন ও গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন একই সঙ্গে ট্রাইব্যুনালে দেওয়া হবে।গত বছরের ১০ মার্চ তদন্ত সংস্থা গঠিত হয়। সংস্থার সূত্র জানায়, তারা প্রথম পর্যায়ে অন্তত ১২ জনের বিরুদ্ধে তদন্ত করছে। এঁদের মধ্যে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে। আরও যাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে তাঁরা হলেন: বিএনপির নেতা আবদুল আলীম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী ও বনানী মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল কালাম আজাদ। বুদ্ধিজীবী হত্যার অভিযোগে চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে তদন্ত চলছে।তদন্ত সংস্থার সূত্র জানায়, আবদুল আলীমের বিরুদ্ধে তদন্ত মাঝামাঝি পর্যায়ে আছে। তাঁকে গত ২৭ মার্চ জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। শারীরিক অসুস্থতার কারণে ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন। তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন কাল রোববার দাখিল করা হবে।তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্তের প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। বৃহত্তর চট্টগ্রামে সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্তকালে তদন্ত সংস্থার দল মীর কাসেমের বিরুদ্ধেও মাঠপর্যায়ের তথ্য-প্রমাণ সংগ্রহ করে। মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কয়েক দফায় বৃহত্তর ফরিদপুরে অনুসন্ধান চালানো হয়েছে।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, চৌধুরী মাঈনুদ্দীন লন্ডনে এবং আশরাফুজ্জামান খান নিউইয়র্কে আছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে।