গোলাম আযমসহ পাঁচ জামায়াত নেতার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান পাঁচ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। প্রতিবেদনে দলটির সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত সংস্থা রাজধানীর বেইলী রোডের কার্যালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানায়।জামায়াতের অপর যে চার নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে তাঁরা হলেন: বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। এই পাঁচজনের তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে দাখিল করা হবে।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের নির্ধারিত সময়ের মধ্যে নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। ট্রাইব্যুনালের নির্দেশনা না থাকলেও গোলাম আযমের বিরুদ্ধেও তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া হচ্ছে। তিনি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে গত বছরের ১ আগস্ট তদন্ত শুরু হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ৩৬০ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণের জন্য এই প্রতিবেদনের সঙ্গে প্রায় চার হাজার পৃষ্ঠার নথি ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংযুক্ত করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ৪০ জনকে।গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় গোলাম আযম পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির ছিলেন। এ ছাড়া তিনি শান্তি কমিটির অন্যতম নেতা ছিলেন। নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধসহ এসব অপরাধে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।তদন্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত প্রতিবেদনের শেষে গোলাম আযমকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।সাংবাদিকদের আরও জানানো হয়, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু হয়। অন্য মামলায় গ্রেপ্তার এই চারজনকে গত বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়। তদন্ত সংস্থা তাঁদের বিরুদ্ধে আলাদাভাবে প্রতিবেদন চূড়ান্ত করেছে। নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার প্রতিবেদনে ৪০ সাক্ষী, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে ৪৫ সাক্ষী, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার প্রতিবেদনে ৩৭ সাক্ষী এবং কাদের মোল্লার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার প্রতিবেদনে ২৫ সাক্ষীর উল্লেখ রয়েছে।জামায়াতের এ চার নেতার বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান বলেন, এই চারজনের তদন্ত প্রতিবেদনের প্রতিটির সঙ্গে প্রায় আড়াই থেকে তিন হাজার পৃষ্ঠার তথ্য-প্রমাণ ও নথি সংযুক্ত করা হয়েছে।গোলাম আযমকে গ্রেপ্তার না করেই তদন্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হলেই তদন্ত সংস্থা তাঁকে গ্রেপ্তারের জন্য বলছে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর সংস্থা তাঁকে গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়ার জন্য বলবে।