গোলাম আযমসহ সব সন্দেহভাজন নজরদারিতে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমসহ সন্দেহভাজন সব মানবতাবিরোধী অপরাধীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে। তদন্ত সংস্থা যখনই প্রয়োজন মনে করবে, তখনই তাঁদের গ্রেপ্তার করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রতীকী নয়, বিচার চলমান প্রক্রিয়া। যার বিরুদ্ধে অভিযোগ উঠবে, তাকে বিচারের সম্মুখীন করা হবে।’‘পুলিশ, চিকিত্সকসহ অনেকেই মাদকসেবী’—গতকাল বুধবার পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মোখলেসুর রহমানের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, একজন মানুষ হিসেবে বাস্তব পরিস্থিতিতে তাঁর মধ্যে যে যন্ত্রণা বা রক্তক্ষরণ হচ্ছে, তারই সরল প্রকাশ ঘটেছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, এমন কোনো শ্রেণী বা পেশার মানুষ নেই, যেখানে মাদকের বিস্তার ঘটছে না। তিনি মাদকের ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে এর বিস্তার রোধে পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন।শামসুল হক বলেন, মানবতাবিরোধী বিচার বাধাগ্রস্ত করতে নানা তদবির ও ষড়যন্ত্র হচ্ছে। এর সঙ্গে বিরোধী দলের যোগসাজশ রয়েছে। যারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে, তাদের সঙ্গে মিশে যারা আন্দোলন করার ঘোষণা দিচ্ছে, তাদের মতলব জনগণ বুঝে গেছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। কোনো যড়যন্ত্র, চক্রান্ত এ থেকে সরকারকে পিছু হটাতে পারবে না। শামসুল হক বলেন, জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট নতুন প্রজন্মের অনেকেই এখন স্বপক্ষ ত্যাগ করছে। তারা গোলাম আযম, নিজামী, মুজাহিদ, সাঈদীর অপরাধের দায়ভার নিতে চাইছে না।