গোলাম আযমের অপরাধ প্রমাণে একাত্তরের দৈনিক সংগ্রামই যথেষ্ট
ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে মামলাটি সবচেয়ে সহজ। তাঁর অপরাধ প্রমাণের জন্য একাত্তরের দৈনিক সংগ্রামই যথেষ্ট। অথচ তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি।’মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ শুক্রবার প্রজন্ম একাত্তর আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় শাহরিয়ার কবির এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের অসম্পূর্ণতা ও অনভিজ্ঞতার কারণে যদি একজন যুদ্ধাপরাধীও পার পেয়ে যায় তাহলে এর দায় সরকারকে নিতে হবে।’আলোচনা সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারকাজ যথাযথভাবে দ্রুত সম্পন্ন করার করার জন্য ট্রাইব্যুনালে জনবল বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সরবরাহের দাবি জানান।আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেন, ‘আমিও যুদ্ধাপরাধীদের বিচারপ্রার্থী। কারণ, আমাকে বেঁধে আমরা সামনে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে।’ তিনি বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করতে বদ্ধপরিকর।সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর-রশিদ বলেন, ‘জনমনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কি যুদ্ধাপরাধীদের বিচার করছে? নাকি কয়েকজন জামায়াত নেতার বিচার করছে? সব যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করে সরকারকে প্রমাণ করতে হবে তারা এ ব্যাপারে বদ্ধপরিকর।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম একাত্তরের সভাপতি শাহীন রেজা-নূর। বক্তব্য দেন মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানেরা।আলোচনা শেষে শহীদদের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।