ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের বিরুদ্ধে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। আজ বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর একক বেঞ্চ এ আদেশ দেন।এর আগে রিট আবেদনটি শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেছিলেন। পরে ১৯ জুন একই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য ওই বেঞ্চে পাঠান। আজ শুনানি শেষে আদালত তা খারিজ করেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় মামলা পরিচালনা করেন। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী ইমরান এ সিদ্দিক।বিশ্বজিত্ রায় প্রথম আলোকে বলেন, হাইকোর্টের তৃতীয় বেঞ্চে রিট আবেদনের শুনানি হয়। আদালত তা খারিজ করে দিয়েছেন।ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আযমীকে ২০০৯ সালের ২৩ জুন সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ওই বছরই নভেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন। গত জানুয়ারি রিটের শুনানি হয়। শুনানির পর ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুল জারি করেন। রুলে আযমীর বরখাস্ত আদেশ কেন বেআইনি নয়, তা জানতে চাওয়া হয়। তবে অপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন এর সঙ্গে একমত পোষণ করেননি। পরে বিষয়টি শুনানির জন্য বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে এখতিয়ার দেওয়া হয়। তিনি শুনানি শেষে ১৯ জুন আবেদন খারিজ করে দেন।