গোলাম আযমের জামিন আবেদনের আদেশ ২৩ ফেব্রুয়ারি(ভিডিও)
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের জামিন আবেদনের ওপর ২৩ ফেব্রুয়ারি আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গোলাম আযমের জামিন আবেদনের ওপর শুনানির পর আজ বুধবার এ তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ বেলা দুইটার পর শুনানির ক্ষণ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আজ সকালে জব্দ তালিকা, অপাঠযোগ্য তথ্য, ডিভিডির সিডি, ২০১০ সালের ১ আগস্ট দাখিল করা অভিযোগের নথিপত্র চেয়ে একাধিক আবেদন করেন গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক। এর মধ্যে ২০১০ সালের ১ আগস্টের তথ্য চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে অপর আবেদন অনুসারে দুই দিনের মধ্যে তথ্যাদি সরবরাহের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।এর আগে গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অ্যাম্বুলেন্সে করে আজ সকাল নয়টা ৫৪ মিনিটে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। ১০টা ৪০ মিনিটের দিকে তাঁর আবেদনের ওপর শুনানি শুরু হয়।শুনানিতে মানবিক ও শারীরিক দিক বিবেচনায় গোলাম আযমের জামিন আবেদনের যুক্তি তুলে ধরেন আবদুর রাজ্জাক। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু।
স্বাধীনতার ৪০ বছর পর মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১১ জানুয়ারি কারাগারে যান গোলাম আযম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন তাঁর জামিন আবেদন খারিজ করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। তবে রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়।