গোলাম আযমের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল জামিন আবেদন খারিজের এ আদেশ দেন। আদেশে বলা হয়, গোলাম আযমের বয়স ও শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন কারণ উল্লেখ করে আসামি পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, গোলাম আজমের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় তাঁকে হেফাজতে থেকেই বিচারের মুখোমুখি হতে হবে।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, কারা কর্তৃপক্ষ গোলাম আযমের বয়স বিবেচনা করে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশে বয়সের ভিত্তিতে এ ধরনের মামলায় জামিন না দেওয়ার নজির রয়েছে। এসব কারণ উল্লেখ করে ট্রাইব্যুনাল তাঁর জামিন আবেদন খারিজ করেন। ১৫ ফেব্রুয়ারি গোলাম আযমের জামিন আবেদনের শুনানি হয়। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের বিষয়ে শুনানির জন্য ১১ মার্চ তারিখ পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও তাঁর আইনজীবী মুন্সি আহসান কবির শুনানি মুলতবির আরজি জানান।মুন্সি আহসান কবির বলেন, রাষ্ট্রপক্ষের সরবরাহ করা ছয় হাজার ৬৮০ পৃষ্ঠার নথি তিনি এখনো পড়ে শেষ করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আগামী ৪ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থিত না থাকায় ট্রাইব্যুনাল এ তারিখ নির্ধারণ করেন।