মুজাহিদের অভিযোগের শুনানি ১১ মার্চ পুনর্নির্ধারণ
গোলাম আযমের জামিনের আবেদন আবারও খারিজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের জামিনের আবেদন আবারও খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জামিনের আবেদন দ্বিতীয়বার খারিজ করে গতকাল বৃহস্পতিবার আদেশ দেন।আদেশে বলা হয়, গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং অভিযোগ উপস্থাপন করা হয়েছে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে কারা কর্তৃপক্ষ তাঁকে দেশের সর্বোচ্চ মানের হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারাকক্ষে রেখেছেন। মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকসহ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে ট্রাইব্যুনাল বলেন, এসব দেশে আসামিদের বয়স ও অসুস্থতা সত্ত্বেও হেফাজতে থেকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। তাই বার্ধক্য জামিনের কোনো ভিত্তি হতে পারে না।এ জামিনের আবেদনের শুনানি হয় ১৫ ফেব্রুয়ারি। তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক শুনানিতে বলেছিলেন, গোলাম আযমের বয়স ৯০ বছর। তিনি অসুস্থ ও বৃদ্ধ। তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে। এসব বিবেচনায় তিনি জামিন পেতে পারেন। তবে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেছিলেন, তাঁর শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি, যাতে তিনি জামিন পেতে পারেন।এর আগে ১১ জানুয়ারি গোলাম আযমের জামিনের আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে সেদিন তাঁকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে বিএসএমএমইউর কারাকক্ষে পাঠানো হয়।গোলাম আযমের সঙ্গে মামলার প্রস্তুতির জন্য একান্তে কথা বলার আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল গতকাল বলেন, ৩, ১০ ও ১৭ মার্চ আসামিপক্ষের দুজন আইনজীবী বিএসএমএমইউর কারাকক্ষে গিয়ে গোলাম আযমের সঙ্গে কথা বলতে পারবেন।শারীরিক কারণে গোলাম আযমকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১১ মার্চ: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানির দিন ১১ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল অভিযোগের বিষয়ে শুনানির ধার্য দিনে তাঁর আইনজীবী মুন্সি আহসান কবীর শুনানি মুলতবির আরজি জানিয়ে ট্রাইব্যুনালকে বলেন, এ মামলার ছয় হাজার ৬৮০ পৃষ্ঠার নথিপত্রের অনুলিপি ৮ ফেব্রুয়ারি তাঁদের হাতে এসেছে। এত কম সময়ে এ নথি পড়ে শেষ করা অসম্ভব। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল দিন পুনর্নির্ধারণ করেন।সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৪ মার্চ: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ গতকালও হয়নি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাক্ষীর অনুপস্থিতির বিষয়টি জানিয়ে সাক্ষ্য গ্রহণ মুলতবির আরজি জানান। ট্রাইব্যুনাল বলেন, এটা সাধারণ আরজিতে পরিণত হয়েছে। পরে ৪ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করা হয়।জনকণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন: গতকাল ট্রাইব্যুনালে জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননা আবেদনের ওপর শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। তিনি ২১ ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ‘সাঈদীর উপস্থিতিতে পাকি সৈন্যরা আমার ভাইকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে’ এ শিরোনাম নিয়ে আপত্তি জানিয়ে বলেন, শিরোনাম সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। ট্রাইব্যুনাল বলেন, রোববার এই আবেদনের নিষ্পত্তি করা হবে। ওই দিন জনকণ্ঠ পত্রিকার প্রতিবেদককে ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে বলা হয়েছে।