গোলাম আযমের দুই আবেদন খারিজ
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর ও অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এর আগে আবেদন দুটির আদেশ অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল।মামলা স্থানান্তরের আবেদনের আদেশে বলা হয়, মামলা স্থানান্তরের আবেদন করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর। এ ছাড়া ট্রাইব্যুনাল নিজ ক্ষমতাবলে মামলা স্থানান্তর করতে পারেন। কিন্তু আইনে আসামিপক্ষকে এ ক্ষমতা দেওয়া হয়নি।আর অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, আসামি দোষী না নিদোর্ষ, এটি একমাত্র সাক্ষ্য গ্রহণের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এর আগে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।গত ১৩ মে আবেদন দুটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছিল।আসামিপক্ষে প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে আইনজীবী জেয়াদ আল মালুম শুনানি করেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে ২৪ জুন রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ১০ জুন ট্রাইব্যুনালে গোলাম আযম শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের আগ পর্যন্ত তাঁকে আর ট্রাইব্যুনালে হাজির করার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।