গোলাম আযমের পক্ষে ছেলের জবানবন্দি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আসামিপক্ষের প্রথম সাক্ষী গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমী তাঁর জবানবন্দিতে দাবি করেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে স্বাধীনতার ৪০ বছর পর তাঁর বাবার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আমান আজমী জবানবন্দি দেন। প্রায় দুই ঘণ্টা ধরে দেওয়া অসমাপ্ত জবানবন্দিতে তিনি নিজের কর্মজীবনের দীর্ঘ বিবরণ দেন। তিনি দাবি করেন, ২০০৯ সালে তাঁকে সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে এবং তদন্ত ছাড়াই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে বরখাস্ত করা হয়। গোলাম আযমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে গতকাল সাক্ষী তেমন কিছু বলেননি।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৩ জুন বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশনস (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৫৪ এপেনডিক্স জি এবং ২৬১ ধারা অনুসারে আমান আজমীকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।নিজেকে সেনাবাহিনীর অন্যতম চৌকস ও সৎ কর্মকর্তা হিসেবে দাবি করে আমান আজমী জবানবন্দিতে বলেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেভাবে তাঁকে বরখাস্ত করেছে, অনেকটা সেভাবেই ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিনা কারণে পাঁচ বছর তাঁর মেজর পদ থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি আটকে রেখেছিল। একপর্যায়ে তিনি বলেন, ১৯৮৩ সালে সামরিক কর্তৃপক্ষ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করেছিল। এ সময় তাঁর কোম্পানি রাজধানীর হেয়ার রোডে দায়িত্ব পালন করেছিল। ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনকে আটক করে কয়েক দিন তাঁর তত্ত্বাবধানে রাখা হয়েছিল। তিনি বলেন, ২০০২ সালে তিনি লে. কর্নেল পদে পদোন্নতি পেয়ে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে দায়িত্ব পালন করেন। এ সময় সেখানে জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) ছিলেন মঈন উ আহমেদ, যিনি পরে সেনাপ্রধান হিসেবে অবসর নেন।আজমী আরও বলেন, তিনি জবানবন্দিতে চারটি বিষয়ে আলোকপাত করবেন। এগুলো হলো: সেনাবাহিনীতে তাঁর অভিজ্ঞতা এবং সেনাবাহিনীর কাঠামো ও নিয়ন্ত্রণ, গোলাম আযমের জীবনী, মুক্তিযুদ্ধের আগে ও পরে ভারত-বাংলাদেশ সম্পর্ক।আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে আজমী অবশিষ্ট জবানবন্দি দেবেন।সাঈদীর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন চলছে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। সাঈদী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আজও যুক্তি উপস্থাপন চলবে।