জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।গতকাল কার্যক্রমের শুরুতে মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন মুলতবির আবেদন জানান। যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুতি নেই উল্লেখ করে তিনি বলেন, পারিবারিক কারণে তিনি রাজশাহী ছিলেন। মাত্র কিছুক্ষণ আগে (রোববার সকালে) রাজশাহী থেকে ঢাকায় এসেছেন। এ জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেননি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ মুলতবির আবেদনের বিরোধিতা করে বলেন, আসামিপক্ষে মিজানুল ইসলাম ছাড়া আরও অনেক আইনজীবী রয়েছেন। এটা সঠিক নয় যে আসামিপক্ষ প্রস্তুতির জন্য সময় পায়নি। তিনি বলেন, হরতালের সময় আসামিপক্ষের আইনজীবীরা ‘অনিবার্য কারণে’ ট্রাইব্যুনালে আসেন না। এ জন্য কার্যক্রম মুলতবি করতে হয়। কিন্তু এ জন্য রাষ্ট্রপক্ষ দায়ী নয়।পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীকে যুক্তি উপস্থাপন শুরু করার নির্দেশ দেন। মিজানুল মামলার কিছু প্রাথমিক বিষয়ের ওপর আলোচনা করেন। তিনি বলেন, ‘এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম তিনজন সাক্ষীকে বলা হচ্ছে ‘নীতিনির্ধারণী সাক্ষী’। কিন্তু এ ধরনের কোনো সাক্ষীর কথা আমি বইতে খুঁজে পাইনি।’এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম তিনজন সাক্ষী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন (এসপি মাহবুব) এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।গতকাল দেড় ঘণ্টার মতো যুক্তি দেন মিজানুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির আগেই তিনি আবার কার্যক্রম মুলতবির আরজি জানান। ট্রাইব্যুনাল আজ সোমবার পর্যন্ত যুক্তি উপস্থাপন মুলতবি করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘অনিবার্য কারণে’ তিনি ট্রাইব্যুনালে আসতে না পারলে আসামিপক্ষের অন্য আইনজীবী যেন উপস্থিত থাকেন। মিজানুল বলেন, তাঁর পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত থাকা সম্ভব হবে না, তবে তিনি অন্যদের উপস্থিত থাকতে বলতে পারেন। ট্রাইব্যুনাল প্রস্তাব দেন, আসামিপক্ষ চাইলে নিরাপত্তার ব্যবস্থা দিয়ে মিজানুলকে ট্রাইব্যুনালে আনার ব্যবস্থা করা হবে। মিজানুল এই প্রস্তাব নাকচ করে বলেন, এই পুলিশ বাহিনীর ওপর তাঁর কোনো আস্থা নেই।রাষ্ট্রপক্ষ গত ১৭ ফেব্রুয়ারি থেকে এই মামলায় যুক্তি উপস্থাপন শুরু করে। ৪ মার্চ পর্যন্ত ১০ কার্যদিবসে তারা যুক্তি দেয়।