জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, গোলাম আযমের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও ইমরান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষ আগামীকাল ১৭ এপ্রিল যুক্তি খণ্ডন করে বক্তব্য দেবে। এরপর ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করবেন।গতকাল আসামিপক্ষে যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক বলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে, গোলাম আযম পাকিস্তানকে সমর্থন করেছিলেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার সঙ্গে তাঁর বিন্দুমাত্র সংশ্লিষ্টতা ছিল না। তিনি একাত্তরে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির ছিলেন, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আধা সামরিক বাহিনী আলবদর ও রাজাকার বাহিনীর ওপর জামায়াতের ‘কার্যকর নিয়ন্ত্রণ’ ছিল না। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দেওয়া সাক্ষ্য বা একাত্তরের বিভিন্ন পত্রিকার কাটিং—কিছুতেই এ নিয়ন্ত্রণের বিষয়টি প্রমাণিত হয় না।আসামিপক্ষের প্রধান আইনজীবী আরও বলেন, গোলাম আযমের বিরুদ্ধে গঠিত অভিযোগ ত্রুটিপূর্ণ। একাত্তরে তাঁর দেওয়া বিভিন্ন বক্তব্য অভিযোগে তুলে আনা হয়েছে। কিন্তু এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে কোনো অপরাধ হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। তাই এসব অভিযোগে গোলাম আযমকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তাঁকে খালাস দেওয়া উচিত।পরে রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডনের জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল ১৭ এপ্রিল দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল বলেন, ওই দিন রাষ্ট্রপক্ষকে যুক্তি খণ্ডন শেষ করতে হবে।গোলাম আযমের বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন শুরু হয় গত ১৭ ফেব্রুয়ারি। প্রথমে রাষ্ট্রপক্ষ ১০ কার্যদিবস যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের যুক্তি দেওয়া শেষ হয় ৪ মার্চ। ১০ মার্চ আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে। ট্রাইব্যুনালের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গতকাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলো।গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক আছেন। শারীরিক কারণে গতকাল তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।