গোলাম আযমের পক্ষে সাক্ষ্য গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। কাল বুধবার থেকে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এই আদেশ দেন। গতকালও মো. মিজানুর রহমান ছাড়া আসামিপক্ষের আর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি মামলার কার্যক্রম মুলতবির আরজি জানিয়ে বলেন, ব্যক্তিগত সমস্যার জন্য আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে আসতে পারেননি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম মুলতবি আবেদনের বিরোধিতা করেন।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আজ (সোমবার) বিরোধী দলের কোনো কর্মসূচি না থাকলেও আসামিপক্ষের আইনজীবী বা সাক্ষী উপস্থিত হননি। এ জন্য ট্রাইব্যুনালের আগের আদেশ ঠিক থাকবে। আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করা হলো। ১২ ডিসেম্বর থেকে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে। যদি ওই দিন আসামিপক্ষ সাক্ষীদের নিয়ে আবারও সাক্ষ্য গ্রহণের আবেদন জানায় এবং ট্রাইব্যুনাল তাতে সন্তুষ্ট হন, তবে তাঁদের আবেদন মঞ্জুর করা হতে পারে।গত রোববার ট্রাইব্যুনাল আদেশে বলেছিলেন, সোমবার আসামিপক্ষের সাক্ষী হাজির না হলে ট্রাইব্যুনাল তাদের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেবেন।কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন ১২ ডিসেম্বর: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১২ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করেন। ওই দিন আসামিপক্ষ তাদের শেষ সাক্ষী হাজির করার শেষ সুযোগ পাবে।