গোলাম আযমের বাসায় যুবকদের ঢোকার চেষ্টা!
রাজধানীর বড় মগবাজারে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বাসভবনে গত বৃহস্পতিবার মধ্যরাতে অজ্ঞাতনামা একদল যুবক জোর করে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর একান্ত সচিব নাজমুল হক আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, রাত ১২টার কিছুক্ষণ পর সাত-আটটি মাইক্রোবাসযোগে ৮০ থেকে ১০০ জন সশস্ত্র দুষ্কৃতকারী এসে কাজী অফিস লেনের গলির প্রধান ফটক খুলতে দারোয়ানকে বাধ্য করে। তাদের ২৫-৩০ জন গলিতে ঢুকে গলির মুদি দোকানদারকে জিজ্ঞাসা করে, গোলাম আযমের বাড়ি কোনটি। তারা ওই দোকান জোর করে বন্ধ করে দিয়ে গোলাম আযমের বাসভবন ‘বায়তুল আযামী’র সামনে যায়। বাড়ির ফটক বন্ধ থাকায় তারা দারোয়ানকে ফটক খুলতে বলে। দারোয়ান তাদের পরিচয় জানতে চাইলে এবং ফটক খুলতে অস্বীকৃতি জানালে তারা গালাগাল করে। এ নিয়ে দুই পক্ষের হইচইয়ে আশপাশের বাড়ির নিরাপত্তাকর্মীরাও জড়ো হলে দুষ্কৃতকারীরা দ্রুত সরে যায়। তাদের হাতে অস্ত্র, লাঠি ও ওয়াকিটকি ছিল।জানতে চাইলে গোলাম আযমের ছেলে এ আমান আযমী প্রথম আলোকে বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে দারোয়ানের কাছে দুষ্কৃতকারীদের হামলার খবর শুনি। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতার আশঙ্কা করছি।’ এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ভবনের ব্যবস্থাপক রমনা থানায় গেছেন, কিন্তু ওসি না থাকায় জিডি নেওয়া হয়নি।’ভবনের ব্যবস্থাপক আবুল কালাম আযাদ বলেন, ‘ওসি থানার বাইরে থাকায় কেউ জিডি নিতে রাজি হননি।’যোগাযোগ করা হলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে তা ডায়েরিভুক্ত করা হবে।’