গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ সকাল ১০টা ৪০ মিনিট থেকে বেলা একটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, উসকানি, সম্পৃক্ততা, ষড়যন্ত্র ও হত্যা-নির্যাতনের অভিযোগে আজ তাঁকে অভিযুক্ত করা হয়। আদেশে গোলাম আযমের বিরদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩-এর ৩(২), ৪(১) ও ৪(২) ধারায় এসব অভিযোগ গঠন করা হয়। অভিযোগে মুক্তিযুদ্ধকালের বিভিন্ন দিনের ঘটনা উল্লেখ করা হয়। অভিযোগ গঠনের শেষ দিকে ট্রাইব্যুনাল গোলাম আযমের কাছে তিনি দোষী না নির্দোষ জানতে চান। জবাবে আসামির কাঠগড়ায় দাঁড়ানো গোলাম আযম বলেন, ‘আমি নিজেকে দোষী মনে করি না।’পরে গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য ৫ জুন তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষ থেকে ট্রাইব্যুনালে তাঁকে হাজির করা হয়।গত ১১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে অসুস্থতার কারণে ওই দিনই তাঁকে রাত আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কারাকক্ষে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তিনি সেখানেই রয়েছেন।