গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার দাবি
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে দাবি করেছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করতে গিয়ে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক এ দাবি করেন। আজ দুপুরে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত গোলাম আযমের পক্ষে যুক্তি তুলে ধরেন রাজ্জাক। এ সময় আবদুর রাজ্জাক দাবি করেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যেসব অভিযোগ এনেছে, সেগুলোর কোনোটাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কিন্তু কোথায় কোন তারিখে তিনি ষড়যন্ত্র করেছেন, সেগুলো বলা হয়নি।শান্তি কমিটি গঠনের বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, গোলাম আযম কেন্দ্রীয়ভাবে শান্তি কমিটি গঠনের সঙ্গে যুক্ত থাকলেও জেলা কমিটিগুলোতে যুক্ত ছিলেন না। আর শান্তি কমিটির কাজ ছিল আইনশৃঙ্খলা রক্ষা করা। এটা পাকিস্তানি সেনাদের কোনো সহযোগী সংগঠন ছিল না। একই ট্রাইব্যুনালে আজ সকালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী রোস্তম আলী মোল্লাকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। ১৫ এপ্রিল চতুর্থ সাক্ষীর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে।মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজের নিরাপত্তারক্ষী রোস্তম আলী মোল্লা গত ১৯ মার্চ নিজামীর বিরুদ্ধে জবানবন্দি দেন। আজ তাঁকে শেষ দিনের মতো জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম। জেরায় আসামিপক্ষের প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘২৫ মার্চ রাতের গণহত্যার পর ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর ট্রেনিং সেন্টার ও নির্যাতন ক্যাম্প গড়ে ওঠে। ক্যাম্পটি আমাদের বাসা থেকে ১০০-১৫০ গজ দূরে ছিল।’সাক্ষী রোস্তম বর্তমানে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী। বাবার চাকরিসূত্রে তিনি একাত্তরে ওই কলেজ ক্যাম্পাসে পরিবারের সঙ্গে থাকতেন। এ ছাড়া, বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী বাবুল চক্রবর্তীর সাক্ষ্যগ্রহণ ও জেরা আজ শেষ হয়েছে।