গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শুরু করেন।দুপুরে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। এদিকে সকালে শর্ত সাপেক্ষে গোলাম আযমের জামিন চেয়ে করা আবেদনের ওপর ২৩ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গোলাম আযমকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনাল জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠান। সেখান থেকে তাঁকে বিএসএমএমইউর প্রিজন সেলে পাঠানো হয়।অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে গোলাম আযম ও তাঁর নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীরা এবং তাঁর কর্তৃত্বাধীন ইসলামী ছাত্র সংঘ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস, পাইওনিয়ার ফোর্স গঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।গোলাম আরিফ বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। কিন্তু এর আগেই ২২ নভেম্বর পশ্চিম পাকিস্তানে পালিয়ে যান গোলাম আযম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নামে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশবিরোধী তৎপরতা চালান। তিনি একসময় সৌদি আরবের বাদশাহর সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য কামনা করেন। মসজিদ, মাদ্রাসা পুনর্গঠনের নামে আনুমানিক ৪৫ লাখ সৌদি রিয়াল সংগ্রহ করে লন্ডনের মাধ্যমে ওই অর্থের কিছু বাংলাদেশে পাঠান।প্রধান কৌঁসুলি আরও বলেন, স্বাধীনতা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের ১৮ এপ্রিল গোলাম আযমের নাগরিকত্ব বাতিল করে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়। পরে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ১৯৭৮ সালের ১১ আগস্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে গোলাম আযম দেশে আসেন।গোলাম আরিফ শুনানির শুরুতে গোলাম আযমের জন্ম, পরিচয়, শিক্ষাজীবন, মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর ভূমিকা, স্বাধীনতার পর বাংলাদেশবিরোধী তৎপরতাসহ নানা দিক তুলে ধরেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা ও ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি রানা দাশগুপ্ত।ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে দুপুরে গোলাম আযম এজলাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার আবার শুনানি হওয়ার কথা রয়েছে।একাধিক আবেদন: সকালে গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক অভিযোগের বিষয়ে শুনানি চার সপ্তাহ মুলতবি রাখা, যেকোনো শর্তে গোলাম আযমকে জামিন দেওয়া, ২০১০ সালের ১ আগস্ট তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দাখিল করা রাষ্ট্রপক্ষের প্রথম অভিযোগের অনুলিপি, নথিপত্রের যেসব পৃষ্ঠা পাঠযোগ্য নয়, সেসব তাঁদের সরবরাহ করার ও জব্দ তালিকার যেসব নথি দেওয়া হয়নি, তা দেওয়া ও নথির ডিভিডি চেয়ে আবেদন করেন। পর্যায়ক্রমে এসব আবেদনের ওপর শুনানি হয়।শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, নথিপত্রের ২৫টি পৃষ্ঠা পাঠযোগ্য নয়। জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম বলেন, পাঁচটি পৃষ্ঠা পাঠযোগ্য নয়। পরে ট্রাইব্যুনাল উভয় পক্ষের অনুলিপি দেখে প্রয়োজনীয়সংখ্যক পৃষ্ঠা দুই দিনের মধ্যে গোলাম আযমের আইনজীবীদের সরবরাহ করার নির্দেশ দেন। ওই সময়ের মধ্যে ডিভিডি এবং জব্দ তালিকার নথিও সরবরাহ করতে বলা হয়। তবে প্রথম অভিযোগের অনুলিপি চেয়ে করা আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল।জামিনের আবেদন: এরপর আবদুর রাজ্জাক জামিনের আবেদনের শুনানিতে বলেন, গোলাম আযমের বয়স ৯০ বছর। তিনি অসুস্থ ও বৃদ্ধ। এসব দিক বিবেচনা করে জামিন দিতে পারেন।এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি। শুনানির পর ট্রাইব্যুনাল ২৩ ফেব্রুয়ারি জামিন আবেদনের ওপর আদেশের দিন ধার্য করেন।পরে রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি জেয়াদ আল মালুম প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের জন্য আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন শুরু হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের ১৯১ পৃষ্ঠার মধ্যে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত উপস্থাপন করা হয়েছে।