গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি দাখিল করেন।গোলাম আরিফ টিপু ট্রাইব্যুনালকে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের ৫২টি অভিযোগসহ গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনাল বলেন, রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদন করা হলে পরবর্তী সময়ে অপরাধ আমলে নেওয়ার বিষয়ে আদেশের দিন ধার্য করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন করা হবে।সাঈদীর সাক্ষীকে জেরা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহাবুবুল আলম হাওলাদারকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। বেলা পৌনে ১২টায় জেরা শুরু হয়ে চলে বিকেল তিনটা পর্যন্ত। কাল মঙ্গলবার আবার তাঁকে জেরা করা হবে। এর আগে আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম গতকাল তাঁকে প্রথম দিনের মতো জেরা করেছিলেন।