গোলাম আযমের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মতিউর রহমান
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমান।আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি জবানবন্দি দেওয়া শুরু করেন।মতিউর রহমান বলেন, ২০১০ সালের ১ আগস্ট থেকে তিনি গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্তকাজ শুরু করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধ-সংক্রান্ত বিভিন্ন দলিলপত্র ও নথি পর্যালোচনা করে ২৫টি জব্দতালিকা তৈরি করেন এবং সে অনুসারে আলামত সংগ্রহ করেন। এরপর তিনি ট্রাইব্যুনালে এসব আলামতের তালিকা উপস্থাপন করেন।গোলাম আযমের বিরুদ্ধে এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী এসপি মাহবুব উদ্দিন আহমদ, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।তবে আজ গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে (প্রিজন সেল) চিকিত্সাধীন।