গোলাম আযমের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি আছে গ্রেপ্তার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্তের অগ্রগতিও আছে। আইন মোতাবেক অবশ্যই তাঁকে গ্রেপ্তার করা হবে। এ কথা জানিয়েছেন তদন্ত সংস্থার প্রধান মোহাম্মদ আবদুল হান্নান খান।গতকাল শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের প্রতিনিধিদল রাজধানীর বেইলি রোডে মিনিস্ট্রিয়াল অ্যাপার্টমেন্টে তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের সঙ্গে মত বিনিময় করেন। মতবিনিময় শেষে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান হান্নান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে হান্নান খান বলেন, এ ব্যাপারে অনুসন্ধান চলছে। এ নিয়ে কোনো গাফিলতি নেই। তিনি জানান, জনবল, আইটি, লাইব্রেরি, সেভ হাউস ও আইটি ল্যাব প্রয়োজন। এগুলোর বিষয়ে কিছু অগ্রগতি হচ্ছে। তদন্ত শাখার জন্য আলাদা জায়গা চাওয়া হয়েছে বলে জানান তিনি।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, ‘তদন্তকাজ দ্রুত এগিয়ে নিতে আরও জনবল ও রসদের প্রয়োজন। সেগুলো পেলে দ্রুত অগ্রগতি হবে। তা না হলেও আমরা কাজ করে যাব। পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।’ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির উদ্বেগ প্রকাশ করে বলেন, গোলাম আযমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না! তাঁকে বিচারের বাইরে রেখে অন্যদের বিচার হলে তা হবে হাস্যকর। তাঁর বিরুদ্ধে অন্যদের চেয়ে বেশি তথ্যপ্রমাণ রয়েছে। একাত্তরের সংগ্রাম পত্রিকা খুঁজলেই যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের জনবল বাড়ানোর দাবি জানিয়ে শাহরিয়ার কবির বলেন, কম হলেও ৫০ জন আইনজীবী ও তদন্ত কর্মকর্তা দরকার। শাহরিয়ার কবির নিরাপত্তা ও নিরপেক্ষতার স্বার্থে পুরোনো হাইকোর্ট ভবনে অবস্থিত ট্রাইব্যুনাল থেকে অন্য অফিসগুলো সরিয়ে নেওয়ার তাগিদ দেন। এ ছাড়া তিনি সাক্ষী সুরক্ষা আইন তৈরির পরামর্শ দেন।শাহরিয়ার কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করে। শাহরিয়ার কবির ‘যুদ্ধাপরাধীদের বিচার: বিভ্রান্তি ও চক্রান্ত’ শীর্ষক একটি ধারণাপত্র তুলে ধরেন। বিচারের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন সহায়ক মঞ্চের সদস্যসচিব তুরিন আফরোজ। পরে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় বিচারপতি গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, অধ্যাপক মুনতাসীর মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।