গোলাম আযমের বিরুদ্ধে পরবর্তী শুনানি কাল
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আজ গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তাঁর পক্ষে আইনজীবীরা দুটি আবেদন করেছেন। একটিতে তদন্ত প্রতিবেদন ও অপরটিতে শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি চাওয়া হয়েছে। কিন্তু আসামিপক্ষের কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত নেই। বাইরে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকির কারণে হয়তো তাঁরা ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। তদন্ত প্রতিবেদন চেয়ে করা আবেদনটি আগের আদেশ অনুসারে খারিজ করা হলো। মুলতবি আবেদনটির বিষয়ে কোনো আইনজীবী শুনানি না করায় সেটিও খারিজ করা হলো। ন্যায়বিচারের স্বার্থে আসামিপক্ষকে কাল শুনানির সুযোগ দেওয়া হলো।উল্লেখ্য, আসামিপক্ষের একজন আইনজীবী আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন, কিন্তু তাঁর মামলা পরিচালনার অনুমতি নেই।এই আদেশের পর ট্রাইব্যুনালের সদস্য বিচারক এ কে এম জহির আহমেদ তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘শুনানির জন্য সময় চেয়ে আসামিপক্ষ আবেদন জমা দিয়েছে। কিন্তু আসামিপক্ষ আবেদনটি ট্রাইব্যুনালে উপস্থাপনের ক্ষেত্রে ন্যূনতম সৌজন্যবোধ দেখায়নি। এ জন্য এই আবেদন সরাসরি খারিজ করতে হবে। অন্য দুই বিচারপতি আসামিপক্ষকে যুক্তি উপস্থাপনের সুযোগ দিতে ইতিমধ্যে মত দেওয়ায় আমিও সংখ্যাগরিষ্ঠ মত মেনে নিচ্ছি। কিন্তু এই আদেশের মাধ্যমে আমরা রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের নতুন একটি পথ খুলে দিচ্ছি। ভবিষ্যতে এমন হতে পারে, আবেদন জমা দেওয়ার পরে রাষ্ট্রপক্ষের সব কৌঁসুলি ট্রাইব্যুনালে উপস্থিত না হতে পারেন এবং সে ক্ষেত্রে তাঁদেরকেও এমন সুযোগ দিতে হবে। তাই এ ধরনের আদেশ দেওয়ার আগে আমাদের ভবিষ্যত্ ফলাফল সম্পর্কেও ভাবতে হবে।’