গোলাম আযমের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৬ মার্চ
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানির জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন।ওই দিন রাষ্ট্রপক্ষ গোলাম আযমের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন। এ ছাড়া আসামি পক্ষের আইজীবীদের শুনানির জন্য ১২ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেন। শুরুতেই রাষ্ট্রপক্ষ বিবিসি, সিবিএস, এবিসি, সিএনবিসি টিভি চ্যানেলে প্রচারিত ভিডিওসহ ১৬টি ভিডিও ক্লিপিং প্রদর্শন করেন। ভিডিওগুলোতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, নারী নির্যাতন, পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ এবং অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে বিভিন্ন তথ্যপ্রমাণ তুলে ধরা হয়।আজ সকাল ১০টার দিকে গোলাম আযমকে বিএসএমএমউই হাসপাতালের প্রিজন সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আগামী ছয় মার্চ গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করার প্রয়োজন নেই।