গোলাম আযমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ আগস্ট
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্য নেওয়া হবে ২৭ আগস্ট। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (একজন সদস্য অনুপস্থিত ছিলেন) আজ সোমবার এ তারিখ ধার্য করেন। আজ গোলাম আযমের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। এ জন্য গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের কারাকক্ষ থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আসেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তবে একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষ করার জন্য ট্রাইব্যুনাল সুলতানা কামালের সাক্ষ্য নেওয়ার তারিখ পুনর্নির্ধারণ করেন। সুলতানা কামাল কবে সাক্ষ্য দিতে পারবেন, ট্রাইব্যুনাল তা জানতে চান। সুলতানা কামাল ১০ সেপ্টেম্বর দিনটি প্রস্তাব করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন।