গোলাম আযমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ১৭ ফেব্রুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৭ ফেব্রুয়ারি (রোববার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আসামিপক্ষ তাঁদের সাক্ষী হাজির করতে না পারায় গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।গতকাল গোলাম আযমের পক্ষে আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, তাঁদের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি আছে। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে এবং নানা ধরনের হুমকির কারণে আসামিপক্ষের তালিকাভুক্ত সাক্ষীদের হাজির করা যাচ্ছে না। তাঁরা নতুন ১১ জন সাক্ষীর তালিকা দেবেন, এ জন্য এক সপ্তাহ সময় দরকার।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ এর বিরোধিতা করে বলেন, বার বার একই ধরনের মুলতবির আবেদন করা হচ্ছে। এ ধরনের আবেদন মঞ্জুর করা উচিত হবে না।ট্রাইব্যুনাল বলেন, এই মামলার কার্যক্রম আর মুলতবি করা হবে না। ১৭ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে।এ সময় আসামিপক্ষের আরেক আইনজীবী তাজুল ইসলাম বলেন, এটি একটি ভিন্ন ধরনের মামলা। সাক্ষীরা নানাভাবে ভীতসন্ত্রস্ত। কার্যক্রম মুলতবি করা না হলে আসামিপক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।ট্রাইব্যুনাল বলেন, আদেশ দেওয়া হয়েছে। তাজুল ইসলাম এ সময় যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুতির সময় চান। ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষ প্রথমে যুক্তি উপস্থাপন করবে, তাদের শেষ হলে আসামিপক্ষ করবে। এতে আসামিপক্ষ এমনিতেই সময় পাবে।তাজুল ইসলাম বলেন, ‘আমরা আশা করি, ট্রাইব্যুনাল এত কঠোর হবেন না। রোববার যুক্তি উপস্থাপনের পাশাপাশি সাক্ষ্য গ্রহণের জন্যও থাকুক।’ ট্রাইব্যুনাল বলেন, ‘আপনারা তো সাক্ষী হাজির করতে পারছেন না। প্রথম সাক্ষীকে অনেক সময় দেওয়া হয়েছে, তিনি বিস্তারিতভাবে সাক্ষ্য দিয়েছেন।’ তবে ট্রাইব্যুনাল আদেশ পরিবর্তন করেননি।এই মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষে সাক্ষ্য দিয়েছেন একজন, গোলাম আযমের ছেলে ও সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহহিল আমান আযমী। গত বছরের ১২ নভেম্বর তিনি জবানবন্দি দেওয়া শুরু করে পাঁচ দিন জবানবন্দি দেন। আরও পাঁচ দিন তিনি আসামিপক্ষের বিভিন্ন নথি প্রদর্শনী হিসেবে উপস্থাপন করেন। ৩ ফেব্রুয়ারি তাঁর প্রদর্শনী উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষ তাঁকে জেরা শুরু করে। পাঁচ দিন জেরার পর ১১ ফেব্রুয়ারি তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত বুধবারও আসামিপক্ষের সাক্ষী হাজির ছিলেন না। তাই ট্রাইব্যুনাল কার্যক্রম মুলতবি করে সাক্ষী হাজিরের জন্য আসামিপক্ষকে গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।