গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ গতকাল রোববার যুক্তি উপস্থাপন শুরু করেছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তি উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনাল আসামিপক্ষের করা তিনটি আবেদনের একটি খারিজ করেন।এ নিয়ে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন আরেকটি মামলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। এর আগে এই ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। মামলাটি রায়ের অপেক্ষায় আছে।গোলাম আযমের বিরুদ্ধে মামলায় শুরুতে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ। তিনি ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের জন্ম থেকে ১৯৭১ সালে বাংলাদেশের ঐতিহাসিক অভ্যুদয় ও মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দেন। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া ও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ প্রণয়নের বিষয় উল্লেখ করেন।দুপুরে যুক্তি উপস্থাপন আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এর আগে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ‘ব্যক্তিগত কারণে’ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবির আরজি জানান। তিনি বলেন, এটি বিশেষ ধরনের মামলা। বিষয়টি বিবেচনা করে এক দিন পর যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হোক।জামায়াত আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতের নেতাদের আইনজীবীরা সাধারণত হরতালের দিন ট্রাইব্যুনালে যান না।ট্রাইব্যুনাল বলেন, সোমবার মুলতবি দেওয়া হবে না। প্রয়োজনে আসামিপক্ষ সহযোগী আইনজীবীদের (জুনিয়র) পাঠাতে পারেন, তাঁরা শুধু নোট নেবেন। মিজানুল বলেন, কিন্তু অনেক জটিল বিষয় যুক্তি উপস্থাপনের সময় উঠে আসতে পারে। ট্রাইব্যুনাল বলেন, যুক্তি উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ আসামিপক্ষকে দেওয়া হবে।২০১২ সালের ১৩ মে এই ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেন। এসব অভিযোগে মুক্তিযুদ্ধকালের ৬১টি ঘটনা উল্লেখ রয়েছে। এগুলো হলো: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা ও নির্যাতন, এ ধরনের অপরাধের ষড়যন্ত্র, উসকানি ও সহযোগিতার অভিযোগ।এদিকে গতকালের কার্যক্রমে গোলাম আযমের পক্ষে তিনটি আবেদন দাখিল করেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। এগুলো হলো: গোলাম আযমের জামিনের আবেদন, আসামিপক্ষের দুই বিদেশি সাক্ষীর লিখিত জবানবন্দি ৪৬(এ) বিধি অনুসারে গ্রহণ এবং আসামিপক্ষের নতুন সাক্ষীদের তালিকা দিতে সময়ের আবেদন। ট্রাইব্যুনাল বলেন, প্রথম দুটি আবেদনের শুনানির জন্য পরে দিন ধার্য করা হবে। তৃতীয় আবেদন খারিজ করা হলো।সাকা চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৪ ফেব্রুয়ারি: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। গতকাল রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী শেখ মোর্শেদ আনোয়ারকে জেরা শেষ করেন আসামি সাকা চৌধুরী। ১৪ ফেব্রুয়ারি মোর্শেদ জবানবন্দি দিয়েছিলেন।