গোলাম আযমের বিরুদ্ধে শুনানি ১৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি ১৯ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ আদেশ দেন।তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক কিছু ব্যক্তিগত সমস্যার কারণে মামলার প্রস্তুতি নিতে পারেননি।রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম এর বিরোধিতা করে বলেন, গতকাল সোমবার তাঁদের এ আবেদন খারিজ করে আজ শুনানির দিন ধার্য করা হয়েছিল।এরপর ট্রাইব্যুনাল আদেশে বলেন, ১৯ মার্চ শুনানির দিন ধার্য করা হলো এবং পরবর্তীকালে এ বিষয়ে আর কোনো যুক্তি গ্রহণযোগ্য হবে না। এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২০ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ সাকা চৌধুরীর পক্ষে করা ছয়টি আবেদনের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। ছয়টি আবেদনই খারিজ করা হয়। এগুলো হলো—ট্রাইব্যুনালের কার্যক্রমে দালাল আইনের সন্নিবেশ, সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চেয়ে নির্দেশনা, ট্রাইব্যুনালের কার্যক্রমে আন্তর্জাতিক সনদ মেনে চলা, জামিন আবেদন, আনুষ্ঠানিক অভিযোগ থেকে ছয়টি অভিযোগ প্রত্যাহার এবং কাশিমপুর-২ কারাগার থেকে সাকা চৌধুরীকে অন্য যেকোনো কারাগারে বদলি।ট্রাইব্যুনাল আদেশের সময় বলেন, এ আবেদনগুলো একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। বিচারকাজ দীর্ঘায়িত করার জন্য এসব করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।