গোলাম আযমের ভূমিকা হিটলারের সমতুল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ভূমিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ভূমিকার সঙ্গে তুলনা করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের জেরায় তিনি এ তুলনা করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সুলতানা কামালকে তৃতীয় ও শেষ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ও কফিল উদ্দিন চৌধুরী। জেরার শুরুতে আসামির কাঠগড়ায় গোলাম আযম হাজির থাকলেও দুপুর ১২টার দিকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়।জেরায় কফিল উদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধকালে গোলাম আযম শান্তি কমিটি বা রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর আনুষ্ঠানিক নেতা ছিলেন না। সুলতানা কামাল বলেন, এটা সত্য। কিন্তু তাঁর অধীনস্থ মতিউর রহমান নিজামী আলবদরের প্রধান ছিলেন, এটা সবার জানা। শান্তি কমিটি গঠনে গোলাম আযম মুখ্য সংগঠকের ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, ‘গোলাম আযমের ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান চ্যান্সেলর হিটলারের সমতুল্য। হিটলার নাৎসি বাহিনীর প্রধান ছিলেন না, এমনকি সদস্যও ছিলেন না। কিন্তু তিনি ছিলেন নাৎসি বাহিনীর অত্যাচারের মূল নায়ক। তেমনি গোলাম আযম ওই চারটি সংগঠনের আনুষ্ঠানিক নেতা ছিলেন না, কিন্তু তাঁর নির্দেশে ও নেতৃত্বে সেগুলো পরিচালিত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যা করেছেন, আমি মনে করি, মুক্তিযুদ্ধে গোলাম আযম তেমন কাজ করেছেন।’আসামিপক্ষের আইনজীবী বলেন, হিটলার রাষ্ট্রক্ষমতায় ছিলেন। একাত্তরে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন টিক্কা খান। হিটলার যে অবস্থানে ছিলেন, গোলাম আযম সে অবস্থানে ছিলেন না। রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, হ্যাঁ। আইনজীবী মত (সাজেশন) দেন, হিটলারের সঙ্গে গোলাম আযমের তুলনা করা উদ্দেশ্যমূলক ও অস্বাভাবিক। সাক্ষী বলেন, এটা সত্য নয়।মধ্যাহ্ন বিরতির পর জেরা শুরু হলে মিজানুল ইসলাম মত দেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ নিয়ে যত ইতিহাস ও বই লেখা হয়েছে, তাতে ইয়াহিয়া খান ও টিক্কা খানকে হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছে, গোলাম আযমকে নয়। এখানে গোলাম আযমের নাম যুক্ত করে সাক্ষী ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন। সুলতানা কামাল বলেন, ‘আমি গোলাম আযমকেও সেই তালিকায় যুক্ত করলাম। এটা সত্য নয়, গোলাম আযমের নাম যুক্ত করে আমি ইতিহাসের বিকৃতি ঘটিয়েছি।’প্রায় সোয়া চার ঘণ্টার জেরায় অর্ধশতাধিক প্রশ্নের জবাব দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। শুরুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তাঁর মা কবি সুফিয়া কামাল, সাধারণ সম্পাদক ছিলেন মালেকা বেগম। স্বাধীনতার পর সংগঠনটি মহিলা পরিষদ নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে তাঁর মা, বাবা ও বড় ভাইয়েরা ধানমন্ডির বাড়িতে থাকতেন।আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আপনার মা সুফিয়া কামাল ১৯৬১, ১৯৬২, ১৯৭৬, ১৯৭৭, ১৯৮২, ১৯৯৫ ও ১৯৯৬ সালে বিভিন্ন পদক পেয়েছেন।’ সুলতানা কামাল বলেন, ‘তিনি অসংখ্য পদক পেয়েছেন, তবে এসব সালে কি না, বলতে পারব না। এর মধ্যে কোনটি সরকারি ও কোনটি বেসরকারি পদক—সেটাও এখন বলতে পারব না।’ আইনজীবী বলেন, সুফিয়া কামাল মাহে নও নামে একটি মাসিক পত্রিকায় লেখালেখি করতেন, এর সম্পাদক ছিলেন আবদুল কাদের। সাক্ষী বলেন, হ্যাঁ। আইনজীবী বলেন, ওই পত্রিকায় তিনি কায়েদে আজমের (মোহাম্মদ আলী জিন্নাহ) বন্দনা করে কবিতা লিখেছেন।এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষী জবানবন্দিতে কায়েদে আজমকে নিয়ে একটি কথাও বলেননি, তাই এ প্রশ্ন গৃহীত হবে না। কফিল উদ্দিন বলেন, সাক্ষী জবানবন্দিতে বলেছেন, সুফিয়া কামাল ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কায়েদে আজম ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তাই এ প্রশ্ন করা হয়েছে। ট্রাইব্যুনাল বলেন, কিন্তু তিনি কায়েদে আজমের নাম বলেননি। তাই এ প্রশ্ন বাদ।এ সময় সুলতানা কামাল বলেন, ‘আমি জবানবন্দিতে বলেছি, সুফিয়া কামাল ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছেন এ কথা বলিনি। তা ছাড়া, এগুলো রাজনৈতিক ও তাত্ত্বিক বিতর্কের বিষয়। কায়েদে আজমের সঙ্গে মায়ের ব্যক্তিগত শত্রুতা ছিল না। এখানে আমি গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, তাঁর সঙ্গেও আমার ব্যক্তিগত শত্রুতা নেই। প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধকালে কার কী অবস্থান ছিল, সেটা নিয়ে।’ এরপর আইনজীবী অন্য প্রশ্ন করেন।পরে এক প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, শান্তি কমিটির আহ্বায়ক ছিলেন মুসলিম লীগের নেতা খাজা খয়েরউদ্দিন। তবে এ কমিটি ১৪০ সদস্যের কি না, তা জানা নেই। কফিল উদ্দিন বলেন, শান্তি কমিটির ঘোষণাপত্রে লেখা ছিল, ‘নাগরিকদের প্রাত্যহিক জীবনে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি এবং অহেতুক ও ভিত্তিহীন শঙ্কা দূর করার উদ্দেশ্যে এই কমিটি গঠিত হচ্ছে।’ সাক্ষী বলেন, কোনো সংগঠন প্রতিষ্ঠার সময় বলে না, তারা অশান্তি সৃষ্টির জন্য গঠিত হয়েছে। যে সময় নির্বিচারে মানুষ হত্যা ও উচ্ছেদ করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সে সময় এ ধরনের বক্তব্য নিজেদের দোষ ঢাকার অপচেষ্টা। আইনজীবী মত দেন, সাক্ষীর এই ব্যাখ্যা তাঁর রাজনৈতিক অবস্থান এবং জামায়াত ও গোলাম আযমের প্রতি বিদ্বেষপ্রসূত। সাক্ষী বলেন, এটা সত্য নয়।আলবদর, আলশামসের মতো ‘কিলার ফোর্স’ তৈরির খবর কীভাবে পেলেন—এ প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘কিলার ফোর্স’ তৈরির খবর মুক্তিযোদ্ধাদের কাছে পেয়েছেন। আইনজীবী কয়েকজন মুক্তিযোদ্ধার নাম জানতে চাইলে তিনি বলেন, ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ, কমান্ডার হায়দার প্রমুখের কাছে শুনেছেন। গোলাম আযম কবে পূর্ব পাকিস্তান জামায়াতের আমিরের দায়িত্ব নিয়েছিলেন—জবাবে তিনি বলেন, বলতে পারবেন না। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠনতন্ত্র অনুসারে শান্তি কমিটি ছিল সামাজিক শক্তি; রাজাকার, আলবদর ও আলশামস ছিল সহায়ক শক্তি (অক্সিলারি ফোর্স)।শেষ দিকে মিজানুলের কয়েকটি প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আত্মকথা নীলিমার নিচে তাঁর লেখা আত্মজীবনীমূলক বই। মিজানুল বলেন, উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার আগে সাক্ষীকে টেলিফোন করে বেবী মওদুদ, আসাদুজ্জামান নূর, সাবের হোসেন চৌধুরী, মোনায়েম সরকার বলেছিলেন, ‘শেখ হাসিনা উপদেষ্টা হিসেবে ১৪ দল থেকে তোমার নাম দিয়েছেন। যদি সিলেক্ট করে, তুমি না করো না।’ বর্তমানে সাংসদ সাবের হোসেন চৌধুরী জানিয়েছিলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে এটা আমাদের অফিশিয়াল যোগাযোগ।’ সুলতানা কামাল বলেন, এটা সত্য।মিজানুল মত দেন, মুক্তিযুদ্ধকালে গোলাম আযম পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করলেও তাঁর ভূমিকা ছিল সম্পূর্ণ রাজনৈতিক। সুলতানা কামাল বলেন, এটা সত্য নয়।এ নিয়ে সাক্ষীকে তিন দিনে প্রায় সাড়ে সাত ঘণ্টা জেরা করা হলো। ১০ ও ১১ সেপ্টেম্বর তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ সেপ্টেম্বর (রোববার) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।