গোলাম আযমের মামলা স্থানান্তরের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের আবেদন করেছে আসামিপক্ষ। গতকাল বুধবার আবেদনটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়া হয়।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম গতকাল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ১১এ ধারায় আবেদনটি করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ১৯৯২ সালের ২৬ মার্চ গোলাম আযমের বিচারের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গণ-আদালত গঠন করে। গণ-আদালত তাঁকে ফাঁসির আদেশ দেয়। ওই আদেশ কার্যকর করার জন্য বিচারপতি নিজামুল হক (বর্তমানে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান) ১৯৯২ সালের ১০ এপ্রিল সরকারের কাছে দাবি জানান। এ-সংক্রান্ত প্রতিবেদন ১১ এপ্রিলের সংবাদ পত্রিকায় ছাপা হয়। এ ছাড়া তিনি নির্মূল কমিটি গঠিত গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন। এ জন্য নীতিগতভাবে তিনি এই মামলার বিচারক হিসেবে অংশ নিতে পারেন না। যেহেতু ট্রাইব্যুনাল-২ গঠন এবং এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে, এ জন্য স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে গোলাম আযমের বিরুদ্ধে করা মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা প্রয়োজন।ট্রাইব্যুনালস আইনের মামলা স্থানান্তরের ক্ষমতাসংক্রান্ত ১১এ ধারা অনুসারে, ন্যায়বিচারের স্বার্থে ও দ্রুত নিষ্পত্তির জন্য যখন কোনো মামলা স্থানান্তর প্রয়োজন বলে বিবেচিত হবে, মামলার যেকোনো পর্যায়ে ট্রাইব্যুনাল নিজ ক্ষমতাবলে বা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে লিখিত আদেশের মাধ্যমে এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করতে পারবেন।এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম গতকাল সাংবাদিকদের বলেন, আবেদনটি আইনসংগত নয়। কারণ, ১১এ অনুসারে একমাত্র রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ছাড়া অন্য কারও এ আবেদন করার সুযোগ নেই। এ আবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার বিলম্বিত করতে করা হয়েছে।আসামিপক্ষ মামলা স্থানান্তরের আবেদন করতে পারে কি না, জানতে চাইলে তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনের কোথাও বলা নেই যে আসামিপক্ষ আবেদন করতে পারবে না। ট্রাইব্যুনাল যেন নিজ ক্ষমতাবলে এই মামলা স্থানান্তর করেন, এ জন্য বিষয়টি ট্রাইব্যুনালের বিচারিক নজরে আনতে আবেদন করা হয়েছে।এর আগে গত বছরের নভেম্বরে বিচারপতি নিজামুল হকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রিকিউজাল (বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার) আবেদন করেছিল আসামিপক্ষ। ১৪ নভেম্বর ওই আবেদনের নিষ্পত্তি করে আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য (বিচারপতি এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদ)। পরে বিচারপতি নিজামুল হকের বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার কারণ জানতে চেয়ে আরেকটি আবেদন করে আসামিপক্ষ। ২৮ নভেম্বর ওই আবেদনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের যৌক্তিকতা নেই। গণতদন্ত কমিশনের প্রতিবেদন লেখা, খসড়া করা বা প্রস্তুতির কোনো পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সম্পৃক্ত ছিলেন না। এ ছাড়া ওই সময়ে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী ছিলেন।