গোলাম আযমের মামলার রায় যেকোনো দিন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। রায় দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অপেক্ষাধীন (সিএভি)।আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম শেষ হয়। দুই পক্ষকে ধন্যবাদ দিয়ে ট্রাইব্যুনাল জানান, পরবর্তী যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ, সুলতান মাহমুদ, সৈয়দ হায়দার আলী যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষের দেওয়া বিভিন্ন যুক্তিও এ সময় খণ্ডন করে রাষ্ট্রপক্ষ। এরপর আসামিপক্ষের আইনজীবী ইমরান এ সিদ্দিক তাঁর জবাব দেন।এর মধ্য দিয়ে দুই ট্রাইব্যুনাল মিলিয়ে পঞ্চম মামলার কার্যক্রম শেষ হলো।গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় অপেক্ষাধীন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।দুই ট্রাইব্যুনালে আরও চারটি মামলা বিচারাধীন। এগুলো হলো জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে।