গোলাম আযমের মুক্তি চেয়ে জামায়াতের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে তাঁর কোনো ক্ষতি হলে বাংলার মাটিতে কেউ নিরাপদ থাকতে পারবে না বলেও হুমকি দিয়েছেন তাঁরা। সরকারি সম্মাননাপ্রাপ্তদের প্রতিও কটাক্ষ করেন জামায়াত নেতারা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। সেখানে তাঁরা এ দাবি জানান। দলের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন বলেন, ‘গোলাম আযমের মতো কৃতীমান ও জনপ্রিয় মানুষের যদি সামান্যতম ক্ষতি হয় বাংলার মাটিতে কেউ নিরাপদ থাকতে পারবে না।’বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গোলাম আযম ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম করলেন, জেল খাটলেন। আর সরকার তাঁকে জেলে পাঠিয়েছে। অন্যদিকে দুনিয়ার থার্ড ক্লাস ব্যক্তিদের সম্মাননা দিচ্ছে সরকার।’প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির নাজির আহমদ বলেন, ‘ভাষা আন্দোলনের স্থপতি ছিলেন অধ্যাপক আবুল কাশেম। আর এ আন্দোলনে বড় ধরনের ভূমিকা পালনকারীদের মধ্যে যারা বেঁচে আছেন তাঁদের মধ্যে অন্যতম গোলাম আযম।’সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি নূরুল ইসলাম ভাষা আন্দোলনের চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ভাষা আন্দোলন ছিল অধিকার আদায়ের আন্দোলন। আজ জামায়াতে ইসলামীকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে। আমাদের স্বাধীনভাবে কথা বলার, পথ চলার, নিরাপদে বাঁচার অধিকার নেই।’সরকার না চাইলেও যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সম্প্রতি একটি প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে। ফলে সংসদীয় বিধি অনুযায়ী সরকার এ বিষয়ে এখন আইন প্রণয়ন করবেন।এই প্রস্তাবের কথা উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, এতে প্রমাণ হয় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ও বিচারের উদ্যোগ এমন ঘৃণিত, যে আইন করে কথা বলা বন্ধ করতে হচ্ছে।