গোলাম আযমের রায় নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভায় তীব্র বিতর্ক
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দণ্ড নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে উত্তপ্ত বিতর্ক হয়েছে। একাত্তরে তাঁর ভূমিকা নিয়ে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। পরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের হস্তক্ষেপে তা শেষ হয়।পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক হামিদ মির গত সোমবার দেশটির প্রভাবশালী উর্দু দৈনিকজং-এ তাঁর এক কলামে ওই তথ্য জানান।হামিদ মিরের ওই কলাম নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে গতকাল হামিদ মিরের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তিনি ই-মেইলে প্রথম আলোকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান মন্ত্রিসভার ওই বৈঠকে গোলাম আযম প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে যে রায় দিয়েছেন, পাকিস্তান সরকারকে অবশ্যই তার নিন্দা জানাতে হবে। তবে, পানিসম্পদ ও জ্বালানিবিষয়ক মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের একটি অংশ ছিলেন গোলাম আযম; যে যুদ্ধের সূচনা করেন জেনারেলরা। তবে রেলপথমন্ত্রী খাজা সাদ রফিক স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলীর বক্তব্য সমর্থন করেন।এই বিতর্ক চলাকালে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও জ্বালানিমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। নওয়াজ তাঁকে বলেন, ‘আপনি ঠিকই বলেছেন।’ তবে পাকিস্তানের মন্ত্রিসভা এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে হামিদ মির জানান।হামিদ মির প্রথম আলোকে বলেন, তিনি তাঁর কলামে বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকারও সমালোচনা করেছেন। তবে তিনি এ-ও বলেন, গোলাম আযম অসুস্থ। তাঁকে কারাগারে পাঠানো ঠিক হবে না। তাঁর চিকিৎসার প্রয়োজন। তা ছাড়া, পাকিস্তান সরকারের উচিত হবে না তাঁকে নিয়ে কোনো বিবৃতি দেওয়া। সরকার যা করতে পারে তা হলো, তাঁকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানানো।হামিদ মির প্রথম আলোকে আরও বলেন, তিনি তাঁর নিজের অবস্থান পরিবর্তন করেননি। তিনি তাঁর ওই কলামেই লিখেছেন, যুদ্ধাপরাধ বিষয়ে পাকিস্তানকে একদিন বাংলাদেশের কাছে ক্ষমা চাইতেই হবে। তিনি বলেন, তাঁর এই অবস্থানের কারণে দেশটির অনেক মানুষই তাঁকে বিশ্বাসঘাতক হিসেবে ঘোষণা করেছেন।হামিদ মির প্রথম আলোকে জানান, তিনি তাঁর ওই লেখায় বাংলাদেশে অবস্থানরত বিহারিদের ‘বীর’ বলে আখ্যায়িত করেননি। বরং তিনি বলেছেন, মন্ত্রিসভার যে সদস্যরা গোলাম আযমকে সমর্থন করছেন, তাঁরা বিহারিদের পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী নন। যদিও বিহারিরা নিজেদের এখনো পাকিস্তানি বলে দাবি করে।এদিকে গোলাম আযমের মামলার রায় ঘোষণার পর ১৯ জুলাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং পাকিস্তান কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমের বিরুদ্ধে ৯০ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করেন।