জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে নেওয়া হয়। এর আগে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমকে কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। কারাগার থেকে হাসপাতালের প্রিজন সেলে: ট্রাইব্যুনালের আদেশের পর দুপুর ১২টার দিকে প্রিজন ভ্যানে করে গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আইনজীবীরা তাঁর সঙ্গে একটি বড় সুটকেসও দিয়ে দেন। এ সময় দুই পাশে পুলিশ ও রয়াবের কড়া পাহারা ছিল।বিকেলে কেন্দ্রীয় কারাগার থেকে গোলাম আযমকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। কেন্দ্রীয় কারাগারের একটি নিজস্ব অ্যাম্বুলেন্স তাঁকে নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে বিএসএমএমইউর দিকে রওনা হয়। বিকেল তিনটা ৫০ মিনিটে অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউর প্রিজন সেলের সামনে পৌঁছায়। অ্যাম্বুলেন্সটি প্রিজন সেলের কাছে পৌঁছার পর আলোকচিত্রীরা ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে কিছুটা ধ্বস্তাধ্বস্তি হয়। এ সময় কয়েক মিনিট অ্যাম্বুলেন্সেই রাখা হয় গোলাম আযমকে। অবশেষে সাংবাদিকদের দূরে সরিয়ে গোলাম আযমকে প্রিজন সেলে নেওয়ার চেষ্টা চালানো হলেও তা ভেস্তে যায়।হাসপাতাল সূত্র জানায়, সাংবাদিকদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির কারণে গোলাম আযমকে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে নেওয়া সম্ভব হয়নি। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাঁকে জরুরি কার্ডিয়াক বিভাগের ১০২ নম্বর কক্ষে রাখা হয়। কারাগারের অ্যাম্বুলেন্সটি এ সময় বাইরে দাঁড় করিয়ে রাখা হয়।কারাগারের উপমহাপরিদর্শক গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, ‘কারাগারে আনার পর চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এ কারণেই একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যপরীক্ষা করছেন। তাঁদের পরামর্শ অনুসারে তাঁকে রাখা হবে।’ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গোলাম আযমকে হাসপাতালের কারা হেফাজতে নেওয়া হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তেমন কোনো শারীরিক সমস্যা নেই গোলাম আযমের: বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজল কৃষ্ণ ব্যানার্জি প্রথম আলোকে বলেন, ‘আমরা লিখে দিয়েছি যে তাঁর হাসপাতালে থাকার দরকার নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম, তাঁর কোনো শারীরিক সমস্যা আছে কি না। তিনি বলেছেন, তেমন কোনো সমস্যা নেই। এই সময়ে মধ্যে পরীক্ষা করে দেখা গেছে, তাঁর হূদযন্ত্র ও ব্লাড সুগারের কোনো সমস্যা নেই। কিডনিও ভালো আছে। তবে রক্তচাপ ও প্রোস্টেটে সামান্য সমস্যা আছে। আমরা তাঁর রক্তচাপের ওষুধগুলো পুনর্নির্ধারণ করে দিয়েছি।’তাহলে গোলাম আযমকে কারাগারে না পাঠিয়ে প্রিজন সেলে পাঠানো হলো কেন—এই প্রশ্নের জবাবে সজল কৃষ্ণ বলেন, এটা হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত।ট্রাইব্যুনালে গোলাম আযমআজ সকাল নয়টা ৫০ মিনিটে গোলাম আযম তাঁর আইনজীবী আবদুর রাজ্জাকের সঙ্গে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসেন। ৯ জানুয়ারি ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। একই সঙ্গে জামায়াতের আটক নেতাদের আইনজীবী প্যানেলের প্রধান আবদুর রাজ্জাককে আজকের দিনে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনগোলাম আযম যখন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসেন তখন ট্রাইব্যুনালের বাইরে তাঁর বিচার ও ফাঁসির দাবিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের বিভিন্ন থানা ইউনিট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় মুটকোর্ট সোসাইটি, মুক্তিযুদ্ধ সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ইউনিটসহ বিভিন্ন সংগঠন ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ম্লোগান ও বিক্ষোভ মিছিল করে। সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেছেন, গোলাম আযমকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। তাঁর বিচার করতে হবে। তাঁর জন্য অনেক মানুষকে হারাতে হয়েছে। কোনো বিশেষ সুবিধা না দিয়ে অন্য সাধারণ আসামিদের মতোই তাঁর বিচার করতে হবে। ফোরামের ভাইস চেয়ারম্যান এ কে এম শফিউল্লাহ বলেন, অনেক দিন পর তাঁকে আইনের আওতায় আনা হয়েছে। তাঁর বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।জামিনের শুনানিসকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে গোলাম আযমের পক্ষে করা জামিন আবেদনের শুনানি হয়। মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জামিন পেতে গতকাল মঙ্গলবার গোলাম আযমের পক্ষে তাঁর আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে আবেদন জমা দিয়েছিলেন। আজ গোলাম আযমের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের ৯ জানুয়ারির আদেশ অনুসারে তাঁকে আজ হাজির করা হয়েছে। তাঁর বয়স ৮৯ বছরের বেশি। এ ছাড়া তিনি কারো সাহায্য ছাড়া ভালোভাবে চলাফেরা করতে পারেন না।’ তিনি আরও বলেন, এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবদুল আলীমকে গ্রেপ্তার করা হলেও শারীরিক অসুস্থতার জন্য তাঁকে জামিন দেওয়া হয়। একই কারণে তিনি গোলাম আযমের জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, ‘আবদুল আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হয়নি। তবে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আবদুল আলীম ও গোলাম আযমের মামলা দুটির প্রেক্ষাপট ভিন্ন।’ তিনি আরও বলেন, আবদুল আলীম শারীরিকভাবে অসুস্থ এবং হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। গোলাম আযমের বয়স ৮৯ বছরের বেশি হলেও তাঁর চলাফেরার জন্য হুইল চেয়ারের প্রয়োজন হয় না, যদিও তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন।
ট্রাইব্যুনালের আদেশট্রাইব্যুনাল আদেশে বলেন, আবদুল আলীম শারীরিকভাবে অসুস্থ এবং হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। গোলাম আযম হুইল চেয়ার ছাড়াই চলাফেরা করতে পারেন। এর পর ট্রাইব্যুনাল গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ট্রাইব্যুনাল আগামী ১৫ ফেব্রুয়ারি গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির ধার্য করেছেন। কাল বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষকে মামলার নথিপত্র রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। আগামী রোববারের মধ্যে এসব কাগজপত্র আসামিপক্ষ রেজিস্ট্রারের কার্যালয় থেকে সংগ্রহ করবে। আইনজীবীর প্রতিক্রিয়াআদেশের প্রতিক্রিয়ায় গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের বলেন, ‘আদালতের ওপর সম্মান রেখেই বলছি, এই আদেশ সঠিক হয়নি। গোলাম আযম ৮৯ বছর বয়স্ক একজন ব্যক্তি। তাঁকে কারা হাজতে পাঠানো হয়েছে, যদিও এখন পর্যন্ত আমরা জানি না তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে। আমাদের দুর্ভাগ্য এই যে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। এই আইনকে সবাই সমালোচনা করেছেন। এই আইনে মৌলিক ও সাংবিধানিক অধিকার নেই। এ জন্য সবাই এই আইনের সমালোচনা করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে গোলাম আযমচকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলো অনলাইনকে জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ ও চকবাজার থানা পুলিশ গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষ এ সময় তাঁকে গ্রহণ করেন। আনুষ্ঠানিকতা শেষে গোলাম আযমকে কারাগারে রাখা হয়।নিরাপত্তা জোরদারগোলাম আযমের হাজিরাকে সামনে রেখে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ সূত্র জানায়, এসব এলাকায় অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া আদালতের চত্বরে ঢোকার সময় প্রত্যেক ব্যক্তি ও সব ধরনের যানবাহন তল্লাশি করা হয়।তবে গোলাম আযম ট্রাইব্যুনালে ঢোকার কিছুক্ষণ পর নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানের ধাক্কাধাক্কি হয়। এ সময় কয়েকজন ক্যামেরাম্যান তাঁদের ক্যামেরাসহ মাটিতে পড়ে যান।