গোলাম আযমের সাক্ষাৎ পাবেন আইনজীবীরা
মামলা-সংক্রান্ত আলোচনার জন্য জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তাঁর আইনজীবীরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার গোলাম আযমের পক্ষে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার এ অনুমতি দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গোলাম আযমের সঙ্গে তিন দিন কারাগারে দেখা করার জন্য তাঁর আইনজীবীদের অনুমতি দিয়েছেন। আগামী ৪, ১১ ও ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত দুজন আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। ওই সময় গোলাম আযম হাসপাতালের প্রিজন সেলে থাকলে আইনজীবীরা সেখানে গিয়েই দেখা করবেন। বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালে মামলার বিষয়ে গোলাম আযমের সঙ্গে সাক্ষাত্ করার অনুমতি চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী ইমরান সিদ্দিক। এরপর একই অভিযোগে আটক জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক মোহাম্মদ এজাবউদ্দিন। সাঈদীকে বেলা সোয়া ১১টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।