গোলাম পরওয়ারসহ ১৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
খুলনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১৩১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এঁদের মধ্যে ৩১ জন গ্রেপ্তার আছেন।মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্য মহানগর হাকিম শেখ আবদুল আহাদের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জামায়াতের খুলনা মহানগর আমির আবুল কালাম আজাদ, নায়েবে আমির আবদুল মতিন ও মাস্টার শফিকুল আলম, নগর জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, নগর ছাত্রশিবিরের সভাপতি সাইদুর রহমান, সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, সাবেক সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘৫ নভেম্বর নগরের পাওয়ার হাউস মোড়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। ঘটনার দিন রাতেই সদর থানার দ্রুত বিচার আইনে একটি মামলা করে পুলিশ। মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারা অনুযায়ী অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ওই দিনের ঘটনায় সোনাডাঙ্গা থানায়ও একটি মামলা হয়েছে।