মডেল তিন্নি হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি সাবেক সাংসদ গোলাম ফারুক অভির পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি বা নতুন করে কেন পাসপোর্ট দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আট সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অভিবাসন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভির করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। জানা যায়, মডেল তিন্নি হত্যা ঘটনায় ২০০২ সালের ১১ নভেম্বর একটি মামলা হয়। মামলার এজাহারে নাম না থাকলেও চার্জশিটে অভিকে আসামি করা হয়। ২০০২ সালে তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে কানাডায় রয়েছেন। ২০০৬ সালের ৯ নভেম্বর তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়।পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি অথবা নতুন পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে অভির পক্ষে আইনজীবী হুমায়ন কবীর হাইকোর্টে আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ এই রুল জারি করেন।অভির আবেদনে বলা হয়, ‘আমি একজন রাজনীতিবিদ ও বাংলাদেশের নাগরিক। আইনগতভাবে আমার দেশে থাকার অধিকার রয়েছে। যদি কোনো অভিযোগ থেকে থাকে, আমি তা আইনগতভাবে মোকাবিলা করব।’