গোলাম মাওলা রনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টা মামলায় সাংসদ গোলাম মাওলা রনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।গত সোমবার গোলাম মাওলা রনির জামিন বাতিলের আবেদন করা হয়। আজ ওই আবেদনের ওপর শুনানির দিন ছিল। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।গত সোমবার বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইউনুস আলীর আইনজীবী এ আবেদন করেন। এতে বলা হয়, গোলাম মাওলা রনি বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের আদেশ দেন। গতকাল মঙ্গলবার শাহবাগ থানার পুলিশ আদালতে তা দাখিল করে। এর আগে গত রোববার গোলাম মাওলা রনি আত্মসমর্পণ করে জামিন নেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টে প্রচারিত অপরাধমূলক অনুসন্ধানভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান ‘তালাশ’-এর সংবাদ সংগ্রহের জন্য কাজ করছিল তাদের দল। সংসদীয় এলাকা থেকে দুই কোটি টাকার একটি ঘুষ কেলেঙ্কারির খবর ছিল এই দলের কাছে। যার পরিপ্রেক্ষিতে কয়েক দিন ধরেই কাজ করছিল দলটি। গত শনিবার মেহেরবা প্লাজার কাছাকাছি স্থান থেকে গোপন ক্যামেরায় তারা অফিসের কার্যক্রম ধারণ করতে যায়। কিন্তু তা না পারায় ওই দলটি অফিসের কাছে গেলে রনির সন্ত্রাসী বাহিনীর কর্মীরা সাংবাদিকদের ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় রনি নিজেও সাংবাদিকদের মারধর করেন।অন্যদিকে চাঁদা দাবি করে না পেয়ে হত্যাচেষ্টা এবং অপহরণের অভিযোগ তুলে সালমান এফ রহমানের বিরুদ্ধে রাতে পাল্টা মামলা করেন গোলাম মাওলা রনি।