গোলাম মাওলার জামিন বহাল
নিষিদ্ধঘোষিত ধর্মভিত্তিক উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা সৈয়দ গোলাম মাওলার জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন চেম্বার বিচারপতি। সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিলেন।হাইকোর্টের এ আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা আজ বুধবার তা খারিজ করে আদেশ দেন।এতে সৈয়দ গোলাম মাওলার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান।আদালত সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে ২০১০ সালের ২ মার্চ উত্তরা মডেল থানায় পুলিশ বাদী হয়ে সৈয়দ গোলাম মাওলার বিরুদ্ধে মামলাটি করে। এই মামলায় একই বছরের ৮ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গোলাম মাওলা হাইকোর্টে জামিন আবেদন করলে চলতি বছরের ২৩ জুলাই আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। আজ শুনানি হয়।আদালতে গোলাম মাওলার পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুর হাবিব ও রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।