এখন বোরো ধানের মৌসুম। ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা দেখতে সুনামগঞ্জের হাওর অঞ্চলে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততায় আর যাওয়া হচ্ছে না। মন কিছুটা খারাপ। এমন সময় এক বন্ধু এসে খবর দিল, ‘চাইলে মিরপুরের বেড়িবাঁধে গিয়ে কিষান-কিষানির কর্মব্যস্ততা দেখে আসতে পার। দেখতে পার ধান কাটা আর মাড়াইয়ের দৃশ্য।’শহরে এমন দৃশ্য, বিশ্বাস হচ্ছিল না। তবু দোনামোনা করে যাওয়া হয় বেড়িবাঁধে। অবাক করা ব্যাপার। বেড়িবাঁধে ধানের গোলা ভরার জন্য নানা কর্মকাণ্ড চলছে। কৃষকেরা ধান মাড়াই করছেন। কিষানিরা কুলায় ধান উড়িয়ে চিটা আর কুটা ছাড়াচ্ছেন।এই শহরের যাঁরা গ্রামে গিয়ে ধান গোলায় তোলার দৃশ্য দেখতে পারেননি, তাঁরা কিন্তু ইচ্ছে করলেই এমন দৃশ্য দেখে আসতে পারেন মিরপুরে গিয়ে। বেড়িবাঁধ সড়ক থেকে সাদুল্লাপুর, বিরুলিয়া ও আশুলিয়াতেও যেতে পারেন। এসব এলাকার পথে পথে ধানখেত আর ধান কাটার ধুম চলছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের গন্ধ।মিরপুর চটবাড়ীর বটতলা ধরে সামনে এগিয়ে গেলে ধান কাটার এমন দৃশ্য আপনার চোখ এড়াবে না। আরও কাছ থেকে সে দৃশ্য উপভোগের জন্য আপনি নৌকা ভাড়া করে ধানখেতের একেবারে কাছে চলে যেতে পারেন। চলে যেতে পারেন বিরুলিয়া বা সাদুল্লাপুর। সাদুল্লাপুর গেলে অযান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা, মাড়াই আর চিটা ওড়ানোর দৃশ্য চোখে পড়বে। তুরাগ নদের পার থেকে মোষের গাড়ি বোঝাই করে ধান নিয়ে গন্তব্যে ফেরার এমন দৃশ্য এখন অনেক গ্রামেও বিরল।করিম মিয়া নামের এক কৃষক বলেন, ‘আগে ধান কেটে ড্রামে বাইড়াইতাম। আবার গরু দিয়ে মাড়াইতাম। এখন ম্যাশিনেই সব করি। আমরা ২৮ ধান, ২৯ ধান আর লাল ধানের চাষ করি। লাল ধানের চাষ করি মুড়ির জন্য। সামনে রোজা আসতাছে, লাল ধানের চাহিদা বেশি।’