গোল্ডস্টেইন রাজনীতি করলে ভালো করতেন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বাংলাদেশে এসে রাজনীতি করলে ভালো করতেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।গোল্ড স্টেইন বলে গেছেন, এ মাসের মধ্যে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে না। অন্যদিকে, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংককে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন— সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরলে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি তো যাওয়ার আগে কত কথাই বলেছেন। সারা দেশে তিনি নাকি জনপ্রিয় ব্যক্তি। তাহলে বিশ্বব্যাংকের চাকির ছেড়ে এখানে এসে রাজনীতি করলে ভালো হয়।’ মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ সময় অর্থমন্ত্রীর পাশে ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলছি, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি হওয়ার সম্ভাবনাও নেই। আগামী দিনেও সেই সম্ভাবনা নেই।’ দুর্নীতি যদি না-ই হয়ে থাকে, তাহলে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে কেন সরানো হলো —সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল মুহিত বলেন, ‘এটা আপনারা দুদককে জিজ্ঞেস করুন। আমরা প্রকৃতপক্ষে সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে চাইনি। যেহেতু বিশ্বব্যাংক অভিযোগ তুলেছে, তিনি থাকলে তদন্তে প্রভাব পড়তে পারে, তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক না এলে অন্য দাতা সংস্থাদের নিয়ে সেতুর নির্মাণকাজ শুরুর চেষ্টা করা হবে। বিশ্বব্যাংক যদি একান্তই অর্থায়ন না করে, তাহলে পদ্মা সেতু নির্মাণে অন্য দুই আগ্রহী চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে।