গোল্ডেন গ্লোবে সেরা জর্জ ক্লুনি-মেরিল স্ট্রিপ (ভিডিও)
এবারের গোল্ডেন গ্লোবের সেরা কে হচ্ছেন, সেরা ছবির তকমাটিই বা কার ভাগ্যে জুটছে, এমন টানটান উত্তেজনা ছিল সপ্তাহজুড়েই। অবশেষে গতকাল রোববার ঘোষিত হয়েছে ৬৯তম গোল্ডেন গ্লোব পুরস্কার। এবারের সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন জর্জ ক্লুনি, পুরস্কারটি ক্লুনি পেয়েছেন বেস্ট অ্যাক্টর ইন এ ড্রামা ক্যাটাগরিতে।
মেরিল স্ট্রিপ পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। যদিও মেরিলের পুরস্কারটি আসবে ভিওলা ডেভিসের কারণে, এমনটিই সবাই ভেবেছিলেন। কিন্তু সবাইকে বিস্মিত করে মেরিল পুরস্কার জেতেন ‘দ্য আয়রন লেডি’তে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য। সাদা-কালোয় নির্মিত নির্বাক ছবি ‘দ্য আর্টিস্ট’ পেয়েছে বেস্ট পিকচার, কমেডির পুরস্কার। দ্য আর্টিস্ট পুরস্কার জেতার প্রতিযোগিতায় পেছনে ফেলেছে ‘ব্রাইডসমেইড’ ও ‘মিডনাইট ইন প্যারিস’কে। সাদা-কালোয় নির্মিত ছবিটি মোট তিনটি পুরস্কার জিতেছে। এ ছবির অভিনেতা জ্যাঁ দুজারদিন পেয়েছেন বেস্ট অ্যাক্টর, কমেডি পুরস্কারটি।এবারের গোল্ডেন গ্লোবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মার্টিন স্করসেসে, তাঁর ‘হুগো’ ছবিটির জন্য। ‘বিগিনারস’-এ অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার প্লামার। ‘দ্য হেল্প’ ছবিতে অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের পুরস্কারটি পেয়েছেন অক্টাভিয়া স্পেনসার। উডি অ্যালেন পেয়েছেন বেস্ট স্ক্রিনপ্লের পুরস্কারটি, মিডনাইট ইন প্যারিসের জন্য। এ ছাড়া বেস্ট অ্যানিমেটেড ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে স্টিভেন স্পিলবার্গের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিন’।