গোল্ডেন বল উরুগুয়ের ফুটবলকে উপকৃত করবে: ফোরলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ফোরলান—সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড়, গোল্ডেন বলজয়ী। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৫ গোল করা ফোরলান জিততে পারতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও। ডেভিড ভিয়া ও টমাস মুলারের সমান গোল করলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি গেছে মুলারের ঘরে। ডিয়েগো ফোরলান সম্প্রতি কথা বলেছেন ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ফিফা ডট কমের সঙ্গে। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য ফোরলানের এই সাক্ষাৎকারটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো:প্রশ্ন: বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতলেন। কেমন লাগছে?ফোরলান: ‘গোল্ডেন বল’ জেতাটা আমার জন্য একেবারেই অপ্রত্যাশিত এক ঘটনা। সে কারণে আনন্দের মাত্রাটি বেড়ে গেছে বহুগুণে। কখনো চিন্তা করিনি, বিশ্বকাপের গোল্ডেন বলটা আমি পেতে পারি। বিশ্বকাপের শুরু থেকে গোল পেতে থাকায় আমি গোল্ডেন বুট নিয়ে চিন্তা করেছিলাম। ভিয়া ও মুলারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলও করেছি। তবে গোল্ডেন বুট না পেলেও গোল্ডেন বল নিয়ে আমি খুবই আনন্দিত। আমার গোল্ডেন বল অর্জন উরুগুয়ের ফুটবলকে উপকৃত করবে।প্রশ্ন: আপনি গোল্ডেন বল পাওয়ার খবরটি কখন জানতে পারলেন?ফোরলান: বিশ্বকাপ চলার সময়ই ফিফা যখন গোল্ডেন বলের জন্য খেলোয়াড়দের নাম ঘোষণা করল। তখন থেকেই আমি অপেক্ষার প্রহর গুনছিলাম। তবে তখন কেউই আমাকে নিশ্চয়তা দিতে পারছিলেন না যে আমিই পুরস্কারটি পাচ্ছি। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পরের দিন বুয়েনস এইরেস থেকে আমি আমার এক বন্ধুর এসএমএস পাই। সেই এসএমএসের মাধ্যমেই গোল্ডেন বল পাওয়ার সংবাদটি প্রথম জানতে পারি। এর পর আমার প্রতিনিধি ফোন করে ব্যাপারটি নিশ্চিত করেন।প্রশ্ন: নিজে গোল্ডেন বল জিতলেন কিন্তু উরুগুয়ে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল। ব্যাপারটি কি আপনাকে কষ্ট দেয় না?ফোরলান: অবশ্যই। সেমিফাইনালে হেরে যাওয়াটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের ছিল। ফাইনাল ম্যাচে বারবার মনে হয়েছে, আমরাও তো এখানে খেলতে পারতাম!প্রশ্ন: নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে কীভাবে দেখছেন?ফোরলান: অবশ্যই সেরা হিসেবে বিশ্বসেরা হয়েছে স্পেন। পুরো প্রতিযোগিতায় দারুণ খেলেছে তারা। আশা করছি, এমন সময় আমাদেরও আসবে।