গোল্ডেন হারভেস্টের ‘ফ্রেঞ্চ ফ্রাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশতায় কী খেতে ভালোবাসেন আপনি? চাপাতি? পরোটা? নাকি বার্গার? আপনার পছন্দ যা-ই হোক না কেন, এর সবকিছুই পাবেন গোল্ডেন হারভেস্টের স্টলে। খাবারের এক অনন্য সমাহার নিয়ে বাণিজ্য মেলায় হাজির হয়েছে তারা। তাদের ডালিতে আছে দেশি-বিদেশি মিলিয়ে হরেক রকম পদ। তার দু-একটার নাম শুনলেই জিভে জল গড়ানো শুরু হবে। আলু পুরি, ডাল পুরি, শিঙাড়া, সমুচা, আলুর চপ, ফিশ ফিঙ্গার, ফিশ বল, স্প্রিং রোল, বিফ বার্গার প্যাটি, চিকেন বার্গার প্যাটি, চিকেন নাগেটস, পরোটা, চাপাতি—এমনই সব লোভনীয় খাবার। আবার ভেবে বসবেন না যেন, এসব এখানে বসেই খাওয়া যাবে। এগুলো আছে হিমায়িত অবস্থায়। অর্থাত্ তারা আপনার জন্য সবকিছু তৈরি করে প্যাকেটজাত করে রেখেছে। এখন শুধু বাড়ি নিয়ে একটু কষ্ট করে ভেজে খেতে হবে। খাবারের স্বাদ কিংবা মান নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। কারণ, গোল্ডেন হারভেস্ট তাদের খাবার রপ্তানি করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, ইতালিসহ আরও বেশ কয়টি দেশে। তবে ওপরের সব খাদ্যের চেয়ে সবচেয়ে বেশি চাহিদা ‘ফ্রেঞ্চ ফ্রাই’-এর। গোল্ডেন হারভেস্টের নতুনতম এই পণ্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের এক কেজির এক প্যাকেটের দাম ১৭০ টাকা। প্যাকেট খুলে তেলে ভাজলে ঘরেই তৈরি হয়ে যাবে মচমচে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। ফাস্টফুডের দোকানে আর দৌড়াতে হবে না।