গোসল করতে নেমে দুই পর্যটকের সলিলসমাধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর লালাখালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই তরুণের মরদেহ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে।ওই দুই তরুণ হলেন তাহারাত কবীর (২৯) ও ফয়সল আবদুল্লাহ (২৭)। দুজনই বেসরকারি ইন্টারনেট সেবাদান কোম্পানি কিউবি সিলেট কার্যালয়ে আঞ্চলিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিউবি সিলেট কার্যালয়ের ছয়জন কর্মকর্তা গত শুক্রবার সকালে লালাখালে বেড়াতে যান। দুপুরের দিকে লালাখালের সাহেবমারা এলাকায় গোসল করতে গিয়ে তাঁরা ডুবে যেতে থাকেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ও পার্শ্ববর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সদস্যরা এগিয়ে আসেন। তাঁরা চারজনকে উদ্ধার করতে সক্ষম হন। খবর পেয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও দুজনের সন্ধান মেলেনি।জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম জানান, ডুবুরিদের খবর দেওয়া হলে গতকাল সকালে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তাহারাত ও ফয়সলের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুজনই মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা বেড়াতে যাচ্ছেন বলে স্বজনদের জানিয়েছিলেন। দুপুরের পর কিউবির একজন কর্মকর্তা দুই পরিবারে নিখোঁজ হওয়ার খবর জানান।তাহারাত কবির দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে প্রথম চাকরি নিয়ে সিলেটে যান তিনি। ফয়সল চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় চাকরিতে যোগ দিয়েছিলেন। তিনি তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।তাহারাতের মরদেহ গ্রহণকারী তাঁর চাচা ফজলে কবির জানান, খবর পেয়ে শুক্রবার রাতে তিনি সিলেটে আসেন। অভিযোগের সুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘লালাখাল পর্যটন স্পট হওয়া সত্ত্বেও সেখানে কোনো ধরনের সতর্কবার্তা-সংবলিত সাইনবোর্ড নেই। এতে করে খালের কোথায় পানির গভীরতা কম কিংবা বেশি, তা পর্যটকেরা জানতে পারছেন না। এটিই দুর্ঘটনার কারণ। কর্তৃপক্ষ এদিকে নজর না দিলে বেড়াতে গিয়ে অকালমৃত্যুর ঘটনা আরও হওয়ার আশঙ্কা থাকবে।’পর্যটন পুলিশের প্রস্তাব ঝুলে আছেসিলেট জেলার পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তায় ‘পর্যটন পুলিশের’ একটি প্রস্তাব অনেক দিন ধরেই ঝুলে আছে।নাজিমগড় রিসোর্ট সেন্টারের ব্যবস্থাপক হাসান মোরশেদ বলেন, ‘লালাখাল শান্ত দেখালেও পাহাড়ি ঢলে প্রায়ই ফুলে-ফেঁপে ওঠে। পর্যটন পুলিশ না হলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে না।’জাফলং থেকে পর্যটন পুলিশ কার্যক্রম শুরু করতে সিলেট পুলিশ বিভাগের একটি প্রস্তাব প্রক্রিয়াধীন থাকার বিষয়টি নিশ্চিত করেন সিলেট উত্তর সার্কেলের (জাফলং) সহকারী পুলিশ সুপার বীণা রানী দাস। পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ কার্যক্রম শুরু হলে ভালো হতো।’