গোড়া থেকে ইট-সিমেন্ট সরবে কবে
হাতুড়ি, খুন্তি, শাবল, বেলচা নিয়ে গাছের গোড়ায় খোঁড়াখুঁড়ি করছেন জনা কয়েক কর্মী। পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন আরেকজন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এমন দৃশ্য দেখা গেল মিরপুর ২ নম্বর সেকশনের গ্রামীণ ব্যাংক ভবনের উল্টো পাশের ফুটপাতে। বিষয়টি জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৮-এর উপসহকারী প্রকৌশলী সামসুল আরেফিন জানান, ফুটপাতের সিমেন্টের ঢালাই গাছগুলোর গোড়ায় লেপ্টে ছিল। গোড়ার সিমেন্ট ভেঙে গাছগুলো অবমুক্ত করছেন।ফুটপাতের গাছগুলো মোটা হওয়ার সুযোগ দিতে ও মড়ক থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে ডিসিসি। এ কাজের দায়িত্ব পেয়েছেন ডিসিসির আঞ্চলিক কার্যালয়গুলোর নির্বাহী প্রকৌশলীরা। তবে মাস তিনেক পার হলেও বেশির ভাগ আঞ্চলিক কার্যালয় কাজটি শুরু করেনি।অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালের দিকে ডিসিসির কাছে ফুটপাতের গাছ রক্ষার আবেদন করেন ‘পক্ষীকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্প’-এর উদ্ভাবক ও সমন্বয়ক যশোধন প্রামাণিক। তিনি তাতে উল্লেখ করেন, ঢাকা মহানগরের গাছ মরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, গাছের গোড়া ইট কিংবা সিমেন্টের ঢালাই দিয়ে বাঁধাই করা। তিনি গাছের গোড়া খালি করার আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসিসি নড়েচড়ে বসে। তবে গাছের গোড়া খালি করার কাজে নামতে তাদের আরও তিন বছর লেগে যায়।সায়েদাবাদ, কারওয়ান বাজার, গুলশান, বনানী, জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার ফুটপাতের গাছের গোড়া ইট-সিমেন্টে বন্দী। ডিসিসির অঞ্চলগুলোর সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, শিগগির তাঁরা কাজ শুরু করবেন।ডিসিসির অঞ্চল-৮ সূত্রে জানা যায়, মিরপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০০ গাছের গোড়া বাঁধাই করা আছে। এরই মধ্যে শ দুয়েক গাছের গোড়ার সিমেন্ট সরানো হয়েছে। এরপর গাছের চারপাশ মাটিসহ ফাঁকা জায়গা রেখে ইটের গাঁথুনি দিয়ে প্রাচীর করে দেওয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় গাছের গোড়া অবমুক্ত করার কাজ করছে ডিসিসির অঞ্চল-৫। এ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শরীফ উদ্দিন জানান, প্রায় অর্ধমাস আগে তাঁরা কাজ শুরু করেছেন। অফিসের অন্যান্য কাজের ফাঁকে তা করতে হচ্ছে বলে সময় লাগছে।ফুটপাতের গাছ রক্ষায় ডিসিসির ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যশোধন প্রামাণিক, যাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসিসি উদ্যোগী হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের ফুটপাতের গাছগুলোর গোড়া পাকা করাটাই ছিল একটা অবৈজ্ঞানিক কাজ। এখন আবার সময়ক্ষেপণ করে গাছগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে।এ প্রসঙ্গে ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ সার্কেল) নুরুল আমিন জানান, তাঁরা আঞ্চলিক কার্যালয়গুলোর নির্বাহী প্রকৌশলীদের দায়িত্ব দেওয়ার পর কাজ কতটুকু এগিয়েছে, খোঁজ নেননি। কাজ যাতে দ্রুত এগোয়, খোঁজখবর নিয়ে সে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।গাছের গোড়া যত দূর মুক্ত থাকবেডিসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ফুটপাতের গাছের গোড়া লেপ্টে এখন আর ইটের গাঁথুনি ও সিমেন্টের ঢালাই দেওয়া যাবে না। বড় গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূরত্ব পর্যন্ত চারপাশে থাকবে মাটি। ছোট গাছের ক্ষেত্রে এই দূরত্ব এক ফুট। নির্দিষ্ট ওই দূরত্বের পর ইটের গাঁথুনি দিয়ে গাছের গোড়ার চারপাশের মাটি সংরক্ষণ করতে হবে।